বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

ভারতের পণ্যে ২৫% শুল্ক: ট্রাম্পের নতুন ঘোষণা,কার্যকর ১ আগস্ট থেকে

  • আন্তর্জাতিক ডেস্ক:
  • ২০২৫-০৭-৩১ ০০:৪৫:৪০
ছবি সংগৃহিত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। আগামী ১ আগস্ট থেকে এ নতুন শুল্কনীতি কার্যকর হবে বলে বুধবার (৩০ জুলাই) তিনি জানিয়েছেন।
ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে জানান, ভারত দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈষম্যমূলক বাণিজ্যনীতি অনুসরণ করছে। তিনি লিখেছেন, “ভারত আমাদের বন্ধু হলেও তারা বিশ্বের অন্যতম উচ্চ শুল্কহার বজায় রেখেছে। এছাড়া অশুল্ক বাধাগুলোও অত্যন্ত জটিল ও বিরক্তিকর। এই অবস্থার পরিবর্তন আনতে হবে।”
ট্রাম্প আরও বলেন, “ভারত রাশিয়ার সামরিক সরঞ্জামের অন্যতম বড় ক্রেতা এবং ইউক্রেন যুদ্ধ চলাকালীন সময়ে রাশিয়ার জ্বালানি আমদানি বাড়িয়েছে। একই সময়ে তারা চীনের মতো রাশিয়ার অর্থনীতিকে সমর্থন করছে। এসব আচরণ যুক্তরাষ্ট্রের জন্য ভালো বার্তা নয়।”
তিনি ইঙ্গিত দিয়েছেন, ১ আগস্ট থেকে ভারতের ওপর ‘অনির্দিষ্ট’ ধরনের অতিরিক্ত দণ্ডমূলক পদক্ষেপও আসতে পারে। তবে তিনি বিস্তারিত ব্যাখ্যা দেননি।
এদিকে, যুক্তরাষ্ট্রের এই ঘোষণার বিষয়ে জানতে চাইলে ভারতের বাণিজ্য মন্ত্রণালয় কোনো মন্তব্য করতে রাজি হয়নি। পরিস্থিতি নিয়ে দুই দেশের মধ্যে বাণিজ্য উত্তেজনা নতুন করে বাড়তে পারে বলে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করছেন।


এ জাতীয় আরো খবর