মঙ্গলবার, মে ২৬, ২০২৬

সন্তান কোলে নিয়েই প্রথম ভাষণ দিলেন অস্ট্রেলিয়ার সিনেটর করিন মুলহল্যান্ড

  • আন্তর্জাতিক ডেস্ক:
  • ২০২৫-০৭-২৯ ২০:৩৯:১৮
ছবি সংগৃহিত

মাতৃত্ব ও পেশাগত দায়িত্বের অনন্য ভারসাম্যের এক উদাহরণ সৃষ্টি করলেন সদ্য নির্বাচিত অস্ট্রেলিয়ান লেবার পার্টির সিনেটর করিন মুলহল্যান্ড। মাত্র কয়েক মাস বয়সী শিশুকে কোলে নিয়ে তিনি কুইন্সল্যান্ড পার্লামেন্টে নিজের প্রথম ভাষণ দেন।
ঘটনার ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, করিন বক্তব্য রাখার সময় তার সন্তানও মিষ্টি শব্দে সাড়া দিচ্ছে। এমন দৃশ্য দেখে সংসদের এক সদস্য শিশুটিকে শান্ত করতে হাসিমুখে অঙ্গভঙ্গি করতে থাকেন, যা মুহূর্তটিকে আরও মানবিক ও হৃদয়স্পর্শী করে তোলে।
ভাষণে করিন বলেন, "আমার সন্তান কোনো প্রতীক নয়, বরং আমি কেন এখানে আছি তারই প্রতিফলন।"
তিনি উল্লেখ করেন, সংসদে শিশু নিয়ে আসা কেবল এক আবেগের মুহূর্ত নয়, বরং এটি সমাজের সকল কর্মজীবী মা-বাবার অভিজ্ঞতার প্রতিনিধিত্ব। তিনি জানান, সংসদীয় চেম্বারে মা-বাবাদের জন্য জায়গা থাকা উচিত—শুধু তত্ত্বগতভাবে নয়, বাস্তব জীবনের অভিজ্ঞতাও যেন এখানে স্থান পায়।
করিন মুলহল্যান্ড বলেন, অনেক কর্মজীবী মা-বাবার মতো তাকেও মাতৃত্ব ও দায়িত্বের ভারসাম্য রাখতে হয়েছে। তিনি স্বীকার করেন, আজকের সংসদ সদস্যরা দীর্ঘ সংগ্রামের মাধ্যমে নারীদের জন্য অনেক পথ সুগম করেছেন।
"এখন সময় এসেছে সংসদের বাইরে কর্মজীবী মা-বাবার জন্যও আধুনিক ও নমনীয় কর্মপরিবেশ নিশ্চিত করার," তিনি যোগ করেন।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার রাতে দেওয়া এই ভাষণ শুধু সংসদ নয়, বিশ্বজুড়ে নারী ও মা-বাবাদের জন্য এক অনুপ্রেরণার বার্তা হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকেই করিনের সাহসিকতা ও মানবিক দৃষ্টিভঙ্গিকে প্রশংসা করেছেন।


এ জাতীয় আরো খবর