মঙ্গলবার, মে ২৬, ২০২৬

গাজায় ‘মুক্ত খাদ্য কেন্দ্র’ স্থাপনের ঘোষণা ট্রাম্পের,মানবিক সহায়তায় ৬ কোটি ডলার বরাদ্দ

  • আন্তর্জাতিক ডেস্ক:
  • ২০২৫-০৭-২৯ ০০:৩৫:২২
ফাইল ছবি

ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় একটি ‘মুক্ত খাদ্য কেন্দ্র’ স্থাপনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, কেন্দ্রটির নির্মাণ, পরিচালনা এবং খাদ্য বিতরণ সরাসরি যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে সম্পন্ন হবে।
সোমবার (২৮ জুলাই) স্কটল্যান্ডে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেইর স্টারমারের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের ট্রাম্প বলেন, “খুব শিগগিরই গাজায় একটি মুক্ত খাদ্য কেন্দ্র খুলতে যাচ্ছি। গাজার মানুষ যে কোনো সময় এসে খাবার নিতে পারবে, কোনো ধরনের বাধা থাকবে না।” ট্রাম্প আরও জানান, গাজায় প্রাথমিকভাবে ৬ কোটি ডলার সহায়তা বরাদ্দ করেছে যুক্তরাষ্ট্র।
“এই মুহূর্তে গাজার ক্ষুধার্ত মানুষদের খাদ্যের নিশ্চয়তা দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি অন্যান্য দেশকেও এই মানবিক উদ্যোগে যুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি।”
এই প্রথমবারের মতো ট্রাম্প প্রকাশ্যে গাজার ভয়াবহ খাদ্য সংকট স্বীকার করে বলেন, “টেলিভিশনে আমি ক্ষুধার্ত গাজার শিশুদের দেখেছি। সেখানে এখন সত্যিকারের ক্ষুধা সংকট চলছে, যা কোনোভাবেই অস্বীকার করা যায় না।”
সংঘাত প্রসঙ্গে ট্রাম্প বলেন, “গাজায় যুদ্ধ শেষ হওয়া উচিত। হামাসকে মোকাবিলা করতে ইসরায়েল আরও শক্ত হতে পারে, তবে সেখানকার মানুষ এখন ভয়াবহ বিপর্যয়ের মধ্যে আছে। খাদ্য ও নিরাপত্তা এখন তাদের জন্য সবচেয়ে জরুরি।”
ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টারমার ট্রাম্পের উদ্যোগকে সমর্থন জানিয়ে বলেন, “গাজা এখন ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে। এই সংকট সমাধানে বিশ্বকে এগিয়ে আসতে হবে। ত্রাণ সহায়তা কেবল ক্ষুধা দূর করবে না, সংঘাত থামাতে ইসরায়েলের ওপর চাপও সৃষ্টি করবে।”

কীওয়ার্ডস: DonaldTrump গাজা_খাদ্যকেন্দ্র GazaCrisis মানবিকসহায়তা #TrumpFoodAid


এ জাতীয় আরো খবর