মঙ্গলবার, মে ২৬, ২০২৬

তামিলনাড়ুর কীলাড়িতে ২,৫০০ বছরের পুরনো নগরসভ্যতার সন্ধান,ইতিহাসে নতুন বিতর্কের ঝড়

  • আন্তর্জাতিক ডেস্ক:
  • ২০২৫-০৭-২৮ ২১:০৩:৪৯
ছবি সংগৃহিত

ভারতের তামিলনাড়ুর মাদুরাইয়ের কাছাকাছি কীলাড়ি গ্রামে মিলেছে আড়াই হাজার বছরের পুরনো এক নগরসভ্যতার প্রমাণ। বৈগাই নদীর তীরবর্তী নারকেল বাগানে ১৫ ফুট গভীরে খনন করে প্রত্নতত্ত্ববিদরা উদ্ধার করেছেন মৃৎপাত্রের টুকরো, ইটের ধ্বংসাবশেষ, রত্নপাথরের মালা, প্রাচীন কয়েন, কুণ্ড এবং সুসংগঠিত জলনিষ্কাশন ব্যবস্থার চিহ্ন।
তামিলনাড়ু প্রত্নতত্ত্ব বিভাগের মতে, উদ্ধারকৃত নিদর্শনের বয়স ২,০০০–২,৫০০ বছর। সবচেয়ে পুরনো নিদর্শনটির বয়স আনুমানিক ৫৮০ খ্রিষ্টপূর্বাব্দ। প্রধান প্রত্নতত্ত্ববিদ অজয় কুমার জানিয়েছেন, “এই আবিষ্কার প্রমাণ করে কীলাড়ি ছিল একটি শিক্ষিত ও সুসংগঠিত নগর সমাজ, যেখানে আবাসন, শিল্পকলা ও সমাধিক্ষেত্র আলাদাভাবে বিন্যস্ত ছিল। এটি দক্ষিণ ভারতের প্রথম নগরসভ্যতার স্পষ্ট প্রমাণ।”
দীর্ঘদিন ধরে ভারতীয় সভ্যতার ইতিহাস উত্তর ও মধ্য ভারতের সিন্ধু উপত্যকা ও গঙ্গা অববাহিকার কাহিনিকেই প্রাধান্য দিয়েছে। কীলাড়ির আবিষ্কার এই ধারণাকে চ্যালেঞ্জ করছে। বিশেষজ্ঞরা বলছেন, দক্ষিণ ভারতও স্বাধীনভাবে উন্নত নগরায়ণের পথে অগ্রসর হয়েছিল।
খননকালে প্রাপ্ত ‘গ্রাফিতি চিহ্ন’ ইঙ্গিত করছে, তামিল ব্রাহ্মী লিপি অশোকের সময়ের আগেই, ৬ষ্ঠ খ্রিষ্টপূর্বাব্দে ব্যবহৃত হতো। ফলে ধারণা তৈরি হয়েছে যে, এটি হয়তো অশোকীয় ব্রাহ্মী নয়, বরং সিন্ধু লিপির সমান্তরাল উৎস থেকে স্বাধীনভাবে বিকশিত।
এই আবিষ্কারকে ঘিরে রাজনৈতিক বির্তকও তীব্র হয়েছে। ২০১৭ সালে যিনি খননকাজের নেতৃত্ব দেন, সেই অমরনাথ রামকৃষ্ণনকে হঠাৎ বদলি এবং ২০২৩ সালে তাঁর রিপোর্টের ‘বৈজ্ঞানিক ঘাটতি’ উল্লেখ করে এএসআই-এর সংশোধনী চাওয়ার পর রাজ্য-কেন্দ্রের দ্বন্দ্ব চরমে পৌঁছেছে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন অভিযোগ করেছেন, “কেন্দ্র তামিল গর্বকে খাটো করতে ষড়যন্ত্র করছে।” কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রণালয় অবশ্য বলেছে, রিপোর্ট এখনো পর্যালোচনাধীন।
২০১৩ সাল থেকে শুরু হওয়া খননে ইতোমধ্যে ৪ একর এলাকা থেকে ১৫ হাজারের বেশি নিদর্শন উদ্ধার হয়েছে, আর ৯৬ একর এলাকা এখনো খননের অপেক্ষায়। বর্তমানে কীলাড়িতে একটি মুক্ত জাদুঘর নির্মাণাধীন, যেখানে শিক্ষার্থী ও দর্শনার্থীরা প্রতিদিন অতীতের এই চিহ্নগুলো প্রত্যক্ষ করছে।
সাংবাদিক সউমিয়া অশোক মন্তব্য করেছেন, “এই ইতিহাস উন্মোচন আমাদের পূর্বপুরুষদের সঙ্গে নতুন সংযোগ তৈরি করছে, যা আজকের বিভাজনের মধ্যেও ঐক্যের প্রতীক।”

কীওয়ার্ডস:
কীলাড়ি_খনন TamilNadu_Archaeology প্রাচীন_নগরসভ্যতা তামিল_ব্রাহ্মী IndiaHistoryDebate


এ জাতীয় আরো খবর