ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে স্নাতক কোর্সের সকল বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ভিপি ও সিআরদের সাথে ভাইস চ্যান্সেলার এর মতবিনিময় সভা বিকালে অনুষ্ঠিত হয়।খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী এর সভাপতিত্বে অনুষ্টিত সভায় উপস্থিত ছিলেন, ছাত্র কল্যাণ পরিচালক ড. আব্দুল্লাহ ইলিয়াস আক্তার, শিক্ষার্থীদের পক্ষে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের মোহাম্মদ রাকিব, ইসিই ডিপার্টমেন্টের মোঃ আসাদ প্রমুখ।
সভায় ভাইস চ্যান্সেলর বলেন , আমাদের কুয়েট একটি স্বনামধন্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়। এই প্রতিষ্ঠানের সুনাম ও গৌরবের পেছনে রয়েছে শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শিক্ষকদের অবদান এবং প্রশাসনের দায়িত্বশীল ভূমিকা। আমি শিক্ষার্থীদের উদ্বেগ ও হতাশা উপলব্ধি করছি। আপনাদের শিক্ষাজীবনের একটি মুহূর্তও যেন নষ্ট না হয়, সেটিগ আমাদেরও আন্তরিক চাওয়া। প্রশাসন সর্বদা চায় একটি শান্তিপূর্ণ ও সচল একাডেমিক পরিবেশ বজায় রাখতে। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, যেকোনো সমস্যা সমাধানে আমরা আন্তরিকভাবে কাজ করছি। প্রশাসনের পক্ষ থেকে আমরা প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করছি যাতে খুব দ্রুত ক্লাস, পরীক্ষা ও অন্যান্য একাডেমিক কার্যক্রম শুরু করা যায়। আমি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা ধৈর্য ধরুন, আমাদের ওপর আস্থা রাখুন। আলোচনা ও সমঝোতার মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব। আগামী ২৯ জুলাই থেকে একাডেমিক কার্যক্রম শুরু হবে বলে ভাইস চ্যান্সেলর শিক্ষার্থীদের আশ্বস্ত করেন।
পরিশেষে ভাইস চ্যান্সেলর বলেন, আমরা চাই কুয়েট হোক প্রযুক্তি, জ্ঞান ও মানবিক মূল্যবোধে উজ্জ্বল এক প্রতিষ্ঠান। এ জন্য আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।