পঞ্চগড় প্রতিনিধি :
সামাজিক ন্যায়বিচার ও শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিত করতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এক নতুন যাত্রায় পা রেখেছে। এই লক্ষ্যে বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নে এনসিপির শ্রমিক উইং গঠনের প্রাথমিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমজীবী মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কর্মসংস্থান, ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং ইউনিয়নভিত্তিক নেতৃত্বের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনায় উঠে আসে।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির বোদা উপজেলা প্রধান সমন্বয়কারী শিশির আসাদ। তিনি বলেন,
“আমরা বিশ্বাস করি, শ্রমিকেরা কেবল উৎপাদনের অংশীদার নয়, তারাও সমাজ গঠনের অন্যতম চালিকা শক্তি। শ্রমিকদের অধিকার রক্ষায় ইউনিয়নভিত্তিক সংগঠন এখন সময়ের দাবি। জাতীয় নাগরিক পার্টি একটি জনভিত্তিক শক্তি হিসেবে সবসময় শ্রমজীবী মানুষের পাশে থাকবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলা যুগ্ম সমন্বয়কারী মাসুম বিল্লাহ সৌরভ।
তিনি বলেন, “আমরা রাজনীতি করি মানুষের জন্য, বিশেষ করে সেই মানুষদের জন্য যারা সারাদিন শ্রম দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যায়। এইসব শ্রমিক ভাইদের পাশে থাকাটা শুধু রাজনৈতিক দায়িত্ব নয়, নৈতিক কর্তব্যও।”
সভাপতিত্ব করেন বোদা উপজেলা যুগ্ম সমন্বয়কারী কছিরুল ইসলাম সোহেল।
তিনি বলেন, “শ্রমিকদের সংগঠিত করে তাদের অধিকার আদায়ে যে সাহসী পদক্ষেপ এনসিপি নিয়েছে, তা অবশ্যই সময়োপযোগী। আমরা আশা করি সাকোয়া ইউনিয়ন হবে এর অনুকরণীয় উদাহরণ।”
অনুষ্ঠানে শ্রমিকদের পক্ষ থেকেও মতামত তুলে ধরা হয়। তারা বলেন, কর্মক্ষেত্রে বৈষম্য, অনিরাপত্তা ও শোষণের বিরুদ্ধে একটি শক্তিশালী সংগঠন খুব প্রয়োজন। এনসিপির এই উদ্যোগ তাদের আশা জাগিয়েছে।
সভায় সিদ্ধান্ত হয়, আগামী কয়েক দিনের মধ্যেই শ্রমজীবী মানুষের প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে একটি কার্যকর, সক্রিয় ও প্রতিনিধিত্বশীল ইউনিয়ন শ্রমিক কমিটি গঠন করা হবে।