সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

মোখলেসুর রহমানের (সিধু ভাই) সাক্ষাত্কারভিত্তিক রচনা 'আমার জীবন-কথা ও সময়'(২য় পর্ব)

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-০৮-১৯ ২০:০৯:৫৮

(মোখলেসুর রহমান ১৯২১ সালে রংপুর জেলার নীলফামারী মহকুমার ডিমলা থানার খগাখড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর ডাক নাম সিধু মিয়া। তিনি ছিলেন এক বিত্তশালী পরিবারের সন্তান। কিন্তু তাঁদের পরিবার জোতদার হিসেবে পরিচিত ছিল। উত্তরবঙ্গের তেভাগা আন্দোলনের একজন প্রত্যক্ষদর্শী ছিলেন। পড়াশোনা সমাপ্ত করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। কর্মজীবনে তিনি কলকাতা, ঢাকা ও চট্রগ্রামে ছিলেন অনেক দিন। পরবর্তী সময়ে চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা শুরু করেন। দেশভাগ-পরবর্তী সময়ে তিনি পূর্ব বাংলার সব রাজনৈতিক আন্দোলনে কখনো প্রত্যক্ষ, আবার কখনো পরোক্ষভাবে অংশগ্রহণ করেছেন। ১৯৭৫-এর রাজনৈতিক পট-পরিবর্তনের পর থেকে তাঁর ভাই মসিউর রহমান (যাদু মিয়া) রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি তাঁর ভাইকে বুদ্ধি-পরামর্শ সহযোগিতা করেছেন। একজন রাজনীতিসচেতন ব্যক্তি হওয়া সত্ত্বেও কখনো সক্রিয় রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেননি। বাংলাদেশের সব রাজনৈতিক নেতার সঙ্গে ছিল তাঁর নিবিড় যোগাযোগ।

এ সাক্ষাত্কারে বিদ্রোহী কবি নজরুল ইসলাম, শ্যামা-হক মন্ত্রিসভা গঠন, প্রেসিডেন্ট ইয়াহিয়া কর্তৃক অ্যাডমিরাল আহসানকে পূর্ব পাকিস্তানের গভর্নর পদে নিয়োগ, পাকিস্তান সরকারের সঙ্গে শিল্পপতি আমিন ও আদমজীর রাজনৈতিক সম্পর্ক, তত্কালীন পশ্চিম পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন নীতি, ব্যবসা-বাণিজ্যে অবাঙালিদের একচেটিয়া সুযোগ-সুবিধা প্রদানের কথা ইত্যাদি বিষয়ের পাশাপাশি ২১ ফেব্রুয়ারির ঘটনা, মুখ্যমন্ত্রী নুরুল আমিনের মূল্যায়ন, ভাসানীর কথা, বিএনপির গঠন, জিয়াউর রহমানের সঙ্গে তাঁর ভাই যাদু মিয়ার সম্পর্ক, বঙ্গবন্ধুর সঙ্গে যাদু মিয়ার সম্পর্ক ইত্যাদি নানা বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ ঐতিহাসকি তথ্য উপস্থাপন করেছেন। বাংলাদেশের জাতীয় যাদুঘরের কথ্য ইতিহাস প্রকল্পের আওতায় সাক্ষাত্কারটি গ্রহণ করেছিলেন জাতীয় অধ্যাপক সরদার ফজলুল করিম (মরহুম) ও মুস্তফা নূরউল ইসলাম। গৃহীত সাক্ষাত্কারের ভিত্তিতেই বর্ণনা আকারে এ রচনাটি ছাপা হলো। আর প্রকল্পটির সমন্বয়কারী ছিলেন ইতিহাসবিদ ড. সালাউদ্দিন আহমেদ।)

গতকালকের পর- 

৩. পরিবারে উচ্চশিক্ষার প্রতি অনুরাগ
আমি একটা জিনিস লক্ষ করেছি, রংপুর-দিনাজপুর মিলিয়ে যে বেল্টটা, অন্তত ১৯৪০ বা ১৯৪১ সাল পর্যন্ত, সেই বেল্টের মুসলমান জোতদার পরিবারের ছেলেরা হায়ার এডুকেশনের দিকে আসেনি। চল্লিশের দশকের পর যখন ধানের দাম বাড়ল তখনই দিনাজপুর শহরের কলেজে কিছু কিছু মুসলমান ছেলেপেলে লেখাপড়া করতে এল। এ ক্ষেত্রে আমাদের পরিবারে একটা ব্যতিক্রম লক্ষ করা যাচ্ছে। সেটা হলো বিশের দশকের দিকে আমরা ইংরেজি শিক্ষার দিকে যাচ্ছি। এর কারণ অনুসন্ধান করতে গেলে যে দিকটি বেরিয়ে আসে, তা নিয়েই একটু কথা বলা যাক।
এক নম্বরে উচ্চশিক্ষার বিষয়, সেটা ছিল অনেকটা তাদের ব্যক্তিগত ব্যাপার। দুই নম্বরে বলতে গেলে বলতে হয়, প্রত্যেকেরই এ রকমের ইচ্ছা ছিল যে আমার পরিবার থেকে একটি ছেলেকে উপযুক্ত করে গড়ে আমি মরে যাব। আমার ছেলে আমার বিষয়সম্পত্তি দেখবে। সে জন্যই এ ধরনের একটা প্রবণতা ছিল। আমার বাবা ওটা খেয়াল করেননি এবং আমার যে সবচেয়ে বড় ভাই, আমি যখন ক্লাস ফাইভে পড়ি, উনি তখন ক্লাস টেনে পড়তেন, সে অবস্থায় আমার বাবা মারা যান। কিন্তু তাঁকে সংসারে বসানোর চিন্তা আমার বাবা করেননি।

৪. নিম্নবর্ণের হিন্দুদের কথা
নিম্নবর্ণের হিন্দুরা ছিল আমাদের গ্রামের একটা প্রধান অংশ। তাদের সঙ্গে আমাদের সম্পর্কের কথা বলতে গেলে বলতে হয়, সেটা ছিল খুব ভালো। তাদের সবাই আমাদের আধিয়ার হলেও তাদের সঙ্গে আমাদের আচরণ এমন ছিল—যদি কারও বয়স বেশি হতো, তাহলে তাকে আমরা ‘ভাই’ কিংবা ‘মামা’ কিংবা ‘চাচা’ বলে সম্বোধন করতাম। আমরা কোনো দিন নিজেদের মধ্যে কোনো রকম সম্পর্কগত বিভাজনরেখা টানিনি। কারণ, তখন লোকসংখ্যাও অনেক কম ছিল এবং আধিয়ার হলেও তখন যদি একটা লোকের কাছে ১০ বিঘা জমি থাকত, যেহেতু তার ফ্যামিলি ছোট ছিল, তার কোনো দিন অভাব হতো না। যেটুকু পেত সে, তা-ই দিয়ে তার ভালোভাবে চলে যেত। তারা আমাদের আধিয়ার ছিল এবং কাগজ-কলমে তারা অর্ধেক ফসলই পেত। তবে আসলে কী পেত, সেটা আলাদা জিনিস। এটা খুবই করুণ ব্যাপার। কারণ, কথা হচ্ছে কি, আমার যে জমির ওপর আমি একটা আধিয়ার বসালাম, সেই ভিটার ওপর তার কোনো রাইট ছিল না। সে যত দিন আমাকে মন যোগিয়ে থাকতে পারত, তত দিন সে ভিটায় থাকতে পারত। ওই জমিতে যদি আমি অন্য আরেকজনকে বসাই, তাহলে তাকে আমি উচ্ছেদ করতে পারতাম এবং এভাবে অনেককে উচ্ছেদ করাও হয়েছে।

৫. এলাকায় আধিয়ার-ব্যবস্থা
আমি যখন নতুন একটা আধিয়ার বসাব, তখন তাকে আমার হালের গরু দিতে হবে। তারপর তাকে কিছু ধান দিতে হতো—বীজ ধান দিতে হতো, বাড়ি করার জন্য কিছু টাকাও দেওয়া হতো। এগুলো সবই জোতদারকে দিতে হতো এবং এর ওপর সুদ প্রদান করা হতো। আর সবচেয়ে বড় একটা এক্সপ্লয়টেশন বা শোষণ ব্যবস্থা যেটা ছিল, পরে এটা আমরা তুলে দিয়েছিলাম, আমাদের পরিবার থেকে অন্তত তুলে দিয়েছিলাম, সেটা হলো এই যে ধরুন, আজকে একটা লোক বদলালাম। তার খাবার নেই। তাকে আমি পাঁচ মণ ধান দিলাম। আজকে ধানের মূল্যে ধরুন ১০ টাকা। পাঁচ মণ ধানের দাম ১০ টাকা করে ৫০ টাকা লিখে রাখলাম। কিন্তু তার এই দাম আমি শোধ করে নেব দামের ওপর। সে যখন আবাদ করে ধানটা ঘরে তুলল, আমি তখনকার বাজারদরে আগের ধানের দামটা ধানের ওপর দিয়ে উশুল করে নেব। তখন হয়তো বাজারদর দুই টাকা। এমন হতে পারে, যখন ধানটা উঠল তখন বাজারদর আগে যদি ১০ টাকা থেকে থাকে, তখন হয়তো পাঁচ টাকা। আমি যখন উশুল করে নিলাম, তখন দেখা গেল দুই টাকা যদি মণ হয়, তাহলে ওকে ২৫ মণ ধান দিতে হবে। অথচ সে নিয়েছিল পাঁচ মণ ধান। আমার জীবনেই এ রকম ঘটনা হয়েছে এবং সে জন্য আমি আমার মাকে বলে এই প্রথা বন্ধ করে দিয়েছিলাম। এই ব্যাপারটা আমাকে রীতিমতো ভাবিয়ে তুলেছিল।
আমার সামনেই এ রকমের একটা ঘটনা ঘটেছিল। আমাদেরই এক প্রজা, তার নাম ছিল নেবড়ু, সে মুসলমান। যখন তার ধানের গাদা (যাকে আমরা বলি পুঞ্জ) ভাঙানো হলো, মানে মাড়াই করা হলো, তখন তার বউ, তার ছেলেমেয়ে—সবাই বস্তা নিয়ে এসেছে ধান নিয়ে যাবে বলে। আমি ওখানে বসে আছি। ধান মাপা হলে আমি সরকারকে বললাম যে দেনা-পাওনা কী?
সরকার বলল, ওরা কিছু পায় না। আমি বললাম, ২৫ মণ ধান তো ও পায়।
সে বলে, পায় না।
আমি বলি, কী করে পায় না? অর্ধেক হিসাবে তো ২৫ মণ ধান পাচ্ছে।
বলে, না, ওর আগের পাওনা আছে। সেই পাওনা কী, সেটা আমি জানতে গিয়ে ওই সিস্টেমটা সম্পর্কে জানলাম। এবং সেদিনই আমি বললাম যে ওকে তো আমি খালি হাতে ফেরত দিতে পারব না। ওর ছেলেমেয়ে সব কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে।

আমার তখন বয়স ১০-১১ বছর হবে।
আমি বাড়ির বড় ছেলে। ইতিমধ্যে আমাদের ষোলো আনা অংশ ভাগ হয়ে গেছে। এবং তাতে আমার ছিল নয় আনা ভাগ। ফলে আমার একটা ক্ষমতা বা মতামতের জোর ছিল।
আমার অংশের জন্য আমি বড়। যখন নেবড়ুর ছেলেমেয়ে কান্নাকাটি শুরু করল, কেননা, সরকার বলে দিয়েছে যে সে ধান পায় না। সবটা গোলায় তোল। আমি ওদের কান্নাকাটি করতে দেখে হস্তক্ষেপ করতে বাধ্য হলাম।
আমি বললাম যে এ জিনিসটা আমি ঠিক বুঝতে পারছি না। এটা এখন তুমি বন্ধ রাখো। ওকে পাঁচ মণ ধান দিয়ে দাও। পরে এটার হিসাব হবে। পরে রাতের বেলা যখন আমার মায়ের সঙ্গে বসলাম, তখন আমি তাঁকে বললাম, ‘মা, এটা তো হতে পারে না। তুমি ধানের পরিবর্তে ধান নিতে পারো। তুমি তখন ১০ টাকা মণ দরে ধান দিয়েছ আর এখন নেবে দুই টাকা দরে—এ হতে পারে না।’ সরকার আপত্তি তুলল এই বলে যে আমরা যদি তখন ওকে না দিয়ে ধানটা বিক্রি করতাম, তাহলে তো আমরা ১০ টাকাই পেতাম। আমরা বিক্রি না করে তো ওকেই দিয়েছি। সুতরাং ও সে টাকাটাই আমাদের দেবে। এখন তো ধানের মণ (দর) কম। কাজেই এখন টাকা দিতে গেলে তো এত মণ ধানই তাকে দিতে হয়। যেহেতু আমরা এই নিয়মেই পাওনা উশুল করে থাকি, কাজেই এই হিসাবে সে আর ধান পায় না।
এ কথা আমি বলার পর আমার মা বললেন, ‘হ্যাঁ, তা-ই তো।’ আমরা তখন দুটো কাজ করলাম। একটা হচ্ছে, আমরা সুদটা নিতাম না। ওই টাকার ওপর যে একটা সুদ ধরা হতো, সেটা নিতাম না। এটা ছিল সবচেয়ে বড় একটা এক্সপ্লয়টেশন এবং এ কারণেই আমি ব্যক্তিগতভাবে বলতে পারি, তেভাগা আন্দোলন১ যখন হয়, তখন আমরা তেমন হুমকি-টুমকির সম্মুখীন হইনি। উপরন্তু তেভাগা আন্দোলনের অনেক নেতা আমাদের বাড়িতে ছিলেন। যাদু মিয়াও তখন বাড়িতে এবং তাঁরা তখন আমাদের বাড়িতেই ঘাঁটি গেড়ে বসেছিলেন। কিন্তু গোলমালটা হয়েছে আমাদের আশপাশে, আমাদের আত্মীয়স্বজনের বাড়িতে, তাদের জমির ওপর। তবে তেভাগা আন্দোলনের সময় যাদু বাড়িতে ছিল। আমি তখন কলকাতায়। সেখানে তখন আমি চাকরি করি। ঢাকা ইউনিভার্সিটি এমপ্লয়মেন্ট অ্যাডভাইজরি ব্যুরো বলে একটা প্রতিষ্ঠান ছিল, আমাকে তার পার্টটাইম সেক্রেটারি করা হয়েছিল। সেখানে কাজ করলেও আমি আসলে মুসলিম লীগের কাজ করতাম।সূত্র-প্রতিচিন্তা।
চলবে... 


এ জাতীয় আরো খবর