উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এলাকায় বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থী নিহতের ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের ভূমিকায় কোনো ধরনের গাফিলতি ছিল না বলে দাবি করেছেন শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার। একইসঙ্গে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, ব্যক্তিগতভাবে পদত্যাগের কোনো ইচ্ছা তাঁর নেই, তবে সরকার চাইলে তিনি পদ ছাড়তে প্রস্তুত।
বুধবার (২৩ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে বৈঠকে অংশ নেন।
“আমার কাজের কোথাও ব্যত্যয় হয়েছে বলে মনে করি না,” বলেন উপদেষ্টা।“তবে যদি সরকার মনে করে ব্যত্যয় হয়েছে এবং আমাকে যেতে বলে, আমি সসম্মানে সরে যাব। নিজে থেকে পদত্যাগ করার কোনো পরিকল্পনা নেই,” -যোগ করেন তিনি।
উল্লেখ্য, মর্মান্তিক দুর্ঘটনার পর আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষা সচিব ও উপদেষ্টার পদত্যাগের দাবি জানান। ইতোমধ্যে শিক্ষা সচিবকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সে বিষয়ে সি আর আবরার বলেন, “এটা উচ্চপর্যায়ের সিদ্ধান্ত। আমি এই সিদ্ধান্তের সঙ্গে জড়িত ছিলাম না, তাই এর পেছনের কারণও আমি জানি না।”
শিক্ষা উপদেষ্টা জানান, স্থগিত হওয়া ২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষার সংশোধিত সময়সূচি আগামী ২৪ ঘণ্টার মধ্যেই প্রকাশ করা হবে।
তিনি বলেন, “২২ তারিখের পরীক্ষাটি যেদিন হবে, সেদিন সকালে এবং ২৪ তারিখের পরীক্ষা সেদিন বিকালে নেওয়া হবে।”
২১ জুলাই, রোববার, উত্তরায় একটি প্রশিক্ষণ বিমান জনবহুল এলাকায় বিধ্বস্ত হলে স্কুলগামী শিক্ষার্থীদের মৃত্যু হয়। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক ক্ষোভ ও শোকের জন্ম দেয়। নিরাপদ আকাশপথ ও জনবহুল এলাকায় বিমান প্রশিক্ষণ কেন্দ্রের অবসানের দাবিতে বিভিন্ন মহল আন্দোলনে নামে।
কী-ওয়ার্ডস:উত্তরা_বিমানদুর্ঘটনা,শিক্ষা_উপদেষ্টা_সি_আর_আবরার,MilestoneCrash2025,EducationCrisisBangladesh, পদত্যাগ_বিতর্ক