বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২৬

সৎ শাসন চাই, শহীদ হয়ে বিদায় নিতে চাই-দাকোপে আবেগঘন বক্তব্যে আমীরে জামায়াত

  • সকালের আলো ডেস্ক:
  • ২০২৫-০৭-২২ ২০:৩৪:৪৫
ছবি সংগৃহিত

"আমরা শাসন নয়, শোষণ দেখেছি। এখন চাই সৎ শাসক, চাই কুরআনের শাসন।"- এভাবেই শুরু করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত দ্বীনের পথে লড়াই চালিয়ে যেতে চান বলে জানিয়ে তিনি বলেন, “বিদায় নিতে চাই শহীদ হয়ে, রক্তের চাঁদর গায়ে দিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে চাই।”
আজ মঙ্গলবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টায় খুলনার দাকোপ উপজেলার চালনা বিল্লালিয়া আলিম মাদরাসা মাঠে আয়োজিত পথসভায় এসব বলেন তিনি।
সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “জাতীয় সমাবেশের দিন আমি দুইবার অসুস্থ হয়ে পড়েছিলাম। চিকিৎসক বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন। কিন্তু আমি ঘরে বসে থাকতে পারিনি। শহীদদের রক্তের ঋণ শোধে আমি এসেছি শহীদের পরিবার দেখতে, দোয়া করতে।”
এ সময় তিনি বলেন, “মাওলানা আবু সাঈদ শহীদ হয়েছেন দ্বীনের আন্দোলনে। ২৪ সালের আন্দোলনে আরেক আবু সাঈদ জীবন দিয়েছেন। যদি আরও আবু সাঈদের প্রয়োজন হয়, হে আল্লাহ, তুমি গ্রহণ করো। শহীদদের রক্ত বৃথা যেতে পারে না।”
সভায় আমীরে জামায়াত আরও বলেন, “গতকাল সামরিক প্রশিক্ষণ বিমানের দুর্ঘটনায় শিক্ষার্থী ও শিক্ষকদের ইন্তিকালের খবর পেয়েছি। আল্লাহ তাদের জান্নাত দান করুন। আহতদের দ্রুত আরোগ্য দিন।”
তিনি আহতদের হাসপাতালে দেখতে গিয়ে তাদের দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করেন।
সভায় যোগদানের আগে ডা. শফিকুর রহমান শহীদ মাওলানা আবু সাঈদের বাড়িতে যান এবং পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান। এ সময় সেখানে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। পরে চালনা পৌর কবরস্থানে গিয়ে শহীদের কবর জিয়ারত করেন।
সভায় সভাপতিত্ব করেন দাকোপ উপজেলার ভারপ্রাপ্ত আমীর মাওলানা জি. এম. আখতারুজ্জামান এবং পরিচালনা করেন সেক্রেটারি মাওলানা মো. অহিদুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক
খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন
বাগেরহাট জেলা আমীর মাওলানা রেজাউল করিম
সাতক্ষীরা জেলা আমীর অধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল
ছাত্রশিবিরের নেতৃবৃন্দসহ কেন্দ্রীয় ও স্থানীয় শতাধিক নেতা
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “আমীরে জামায়াত অসুস্থতা উপেক্ষা করে শহীদের পরিবারকে দেখতে এসেছেন। এই জনপদ আজ ধন্য তার পদার্পণে। এই সভা ছিল দ্বীনের প্রতি কমিটমেন্টের এক প্রমাণ।”
প্রসঙ্গত, গত ১৯ জুলাই শনিবার রাত পৌনে ৩টার দিকে ফরিদপুরের ভাঙ্গার চৌরাস্তা মোড়ে দ্রুতগতির একটি রয়্যাল পরিবহনের বাসের ধাক্কায় শহীদ হন দাকোপ উপজেলার জামায়াত আমীর মাওলানা আবু সাঈদ (৫২)।
এ ঘটনায় গুরুতর আহত হন জামায়াত কর্মী আনিসুর রহমান ও ইকবাল হোসেন। বর্তমানে তারা চালনা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এবং আশঙ্কামুক্ত।
পথসভা শেষে দুপুরে ডা. শফিকুর রহমান হেলিকপ্টারযোগে দাকোপ ত্যাগ করেন এবং পাবনার ঈশ্বরদীতে শহীদ মোস্তাফিজুর রহমান কলমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে রওনা হন।

কীওয়ার্ডস: আমীরে_জামায়াত,শহীদআবু_সাঈদ,জামায়াতসমাবেশ২০২৫,খুলনাসমাবেশ 


এ জাতীয় আরো খবর