রবিবার, নভেম্বর ২২, ২০২৬

উত্তরা ট্র্যাজেডিতে নিভে গেল আরেক আলোর বাতি মাসুকা বেগম

  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৫-০৭-২২ ১৯:৫০:৪১
ছবি সংগৃহিত

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় ধীরে ধীরে দীর্ঘতর হচ্ছে মৃত্যুর মিছিল। এবার প্রাণ হারালেন প্রতিষ্ঠানটির আরও একজন শিক্ষিকা-মাসুকা বেগম নিপু। সোমবার (২১ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
আজ মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামে তাঁকে শেষবারের মতো দাফন করা হয়েছে। সেখানেই তাঁর জীবনের শেষ ইচ্ছা পূরণ হলো।
দগ্ধ শিক্ষিকা মাসুকা বেগম নিপু ছিলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাইমারি শাখার ইংরেজি বিষয়ের শিক্ষক। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিলোকুট গ্রামের সিদ্দিক আহমেদ চৌধুরীর কন্যা।
ঘটনার দিন তিনি নিয়মিত ক্লাসে উপস্থিত ছিলেন। যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে আগুন ছড়িয়ে পড়লে তিনি অগ্নিদগ্ধ হন। পরবর্তীতে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়, কিন্তু শেষরক্ষা হয়নি-শরীরের ৮৫ শতাংশ পুড়ে গিয়েছিল।
আজ সকাল পৌনে ১০টার দিকে বার্ন ইনস্টিটিউট থেকে মাসুকা বেগমের মরদেহ বড় বোন পাপড়ি রহমানের কাছে হস্তান্তর করা হয়। পাপড়ির বাড়িতেই, আশুগঞ্জের সোহাগপুর গ্রামে, মাসুকাকে সমাহিত করা হয়।
আবেগঘন এক তথ্য জানিয়েছেন তার স্বজনেরা-মাসুকা মৃত্যুর আগমুহূর্তে পাশের বেডে থাকা অপর এক শিক্ষিকাকে জানিয়েছিলেন,“আমার লাশ যেন বড় বোনের বাড়িতে দাফন করা হয়।”
স্বজনেরা জানান, মাসুকার মৃত্যুর সময় পরিবারের কেউ পাশে ছিলেন না। সেই মুহূর্তে তাঁর সহকর্মী সাফায়েত ঢালী দায়িত্ব নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করান। তিনিই চিকিৎসা ও সেবা-শুশ্রূষার জন্য লড়ে গেছেন সর্বশেষ পর্যন্ত।
মাসুকা বেগমের মৃত্যুতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, শিক্ষার্থী এবং অভিভাবক-সবাই আজ কাঁদছে একজন দায়িত্বশীল, প্রিয়, সদালাপী শিক্ষিকাকে হারিয়ে।
দুর্ঘটনায় নিহতদের মধ্যে দুইজন নারী শিক্ষক ছাড়াও রয়েছেন একজন পাইলট ও বহু শিক্ষার্থী। এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩১ জনে, আহত অন্তত ১৬৫ জন।

কিওয়ার্ডসঃ মাসুকাবেগমনিপু, MilestoneTeacherTragedy,UttaraPlaneCrashVictims


এ জাতীয় আরো খবর