শনিবার, মে ৩০, ২০২৬

পাকিস্তানে ভয়াবহ বর্ষা দুর্যোগ: প্রাণ গেল ১৮০ জনের,ক্ষতিগ্রস্ত কয়েক হাজার

  • আন্তর্জাতিক ডেস্ক:
  • ২০২৫-০৭-২০ ১৩:০৩:৪১
ছবি সংগৃহিত

পাকিস্তানে চলমান বর্ষা মৌসুমে বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ভারি বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় এখন পর্যন্ত ১৮০ জনের মৃত্যু এবং ৫০০ জনের বেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে।
দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (NDMA) একে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ মৌসুমি দুর্যোগ হিসেবে আখ্যা দিয়েছে।
এনডিএমএ’র তথ্যমতে, এবারের বর্ষা গত বছরের তুলনায় অন্তত ৬০ শতাংশ বেশি তীব্র।
সংস্থাটি জানিয়েছে, আগামী ২৪ জুলাই পর্যন্ত ইসলামাবাদ, পাঞ্জাব ও সিন্ধু প্রদেশে অতিভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে।
বিশেষ করে করাচি ও হায়দ্রাবাদ শহরে জলাবদ্ধতা ও আকস্মিক বন্যার আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ।
পাকিস্তানের উত্তরাঞ্চলীয় খাইবার পাখতুনখওয়া প্রদেশেও বৃষ্টির পাশাপাশি হিমবাহ গলে আকস্মিক বন্যা সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই অঞ্চলের পাহাড়ি এলাকাগুলোতে যাতায়াতকারী বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রাদেশিক প্রশাসন।
এদিকে, পাঞ্জাব প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (PDMA) জানায়, ২০ থেকে ২৫ জুলাই পর্যন্ত চতুর্থ দফায় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিতে ঝড়ো বাতাস ও নদনদীর পানির উচ্চতা বৃদ্ধি পেতে পারে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে।
গতকাল শনিবার পাঞ্জাবের আটক শহরে বৃষ্টিজনিত দুর্ঘটনায় তিন শিশুর করুণ মৃত্যু হয়েছে। একজন পানিতে ডুবে, একজন ছাদ ধসে ও আরেকজন বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায়।
পাঞ্জাবের জরুরি পরিষেবা বিভাগ জানায়, গত ২৫ জুন থেকে এখন পর্যন্ত ১,৫৯৪ জনকে উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে ৪৪৯ জন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন।
এনডিএমএ এক সর্বজনীন সতর্ক বার্তায় জানিয়েছে: "সব নাগরিককে অনুরোধ করা হচ্ছে যেন তারা নিম্নাঞ্চল ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলো এড়িয়ে চলে, ঘরে অবস্থান করে এবং আশপাশের ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কার রাখে।"
সরকারিভাবে বন্যা পূর্বাভাস, জরুরি নম্বর এবং আশ্রয়কেন্দ্রের তথ্য টেলিভিশন ও সামাজিক মাধ্যমে প্রচার শুরু হয়েছে।

কিওয়ার্ডস:পাকিস্তানের বন্যা, Pakistan monsoon crisis, Karachi floods, Pakistan NDMA, পাঞ্জাব বর্ষা


এ জাতীয় আরো খবর