শনিবার, মে ২, ২০২৬

জামায়াতের সমাবেশে বিএনপিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়নি: সালাহউদ্দিন আহমদ

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৫-০৭-১৯ ১৫:৪৭:০৯
ফাইল ছবি

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ শনিবার আয়োজিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অংশ নিচ্ছে না। কারণ, তাদেরকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়নি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
বিকেলে এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বলেন, “সালাহউদ্দিন আহমদ স্পষ্ট করে জানিয়েছেন, জামায়াতের পক্ষ থেকে বিএনপির কোনো নেতাকে এই সমাবেশে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়নি।”
তবে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, “এই সমাবেশে শুধুমাত্র ‘আনুপাতিক প্রতিনিধিত্বমূলক (PR) পদ্ধতির’ পক্ষে থাকা রাজনৈতিক দলগুলোকেই আমন্ত্রণ জানানো হয়েছে।” তার মতে, এটি একটি যৌথ রাজনৈতিক পরিসরে গণতন্ত্র পুনরুদ্ধার ও নির্বাচনব্যবস্থার সংস্কারের দাবিকে তুলে ধরার প্রয়াস।
এদিকে দুপুর ২টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সমাবেশে সভাপতিত্ব করছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি দুপুর সোয়া ১২টার দিকে সমাবেশস্থলে পৌঁছালে দলীয় নেতাকর্মীরা স্লোগান দিয়ে তাকে অভ্যর্থনা জানান।
জামায়াতের দাবি, স্মরণকালের সবচেয়ে বড় জনসমাগমের এই সমাবেশে সাত দফা দাবি তুলে ধরা হয়েছে, যার মধ্যে রয়েছে-
জুলাই অভ্যুত্থানের চেতনার ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠন,
গণহত্যার বিচার এবং
পিআর পদ্ধতিতে নির্বাচন।

সমাবেশে শহীদ পরিবারের সদস্য, দলটির কেন্দ্রীয় নেতৃত্ব এবং ভিন্ন রাজনৈতিক দল ও ধর্মীয় সম্প্রদায়ের আমন্ত্রিত প্রতিনিধিরাও উপস্থিত রয়েছেন।
সমাবেশ সফল করতে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গত দুই সপ্তাহ ধরে প্রস্তুতি সভা, গণসংযোগ ও প্রচারণা চালিয়েছে জামায়াত। সমাবেশে ব্যাপক জনসমাগম নিশ্চিত করতে প্রায় ১০ হাজার বাস, কয়েকটি ট্রেন এবং দক্ষিণাঞ্চল থেকে লঞ্চ রিজার্ভ করে লোক আনায়ন করা হয়েছে।
এ সমাবেশে বিএনপির অনুপস্থিতি রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। একদিকে জামায়াতের পক্ষ থেকে নির্বাচন ব্যবস্থা সংস্কারের যৌথ আন্দোলনের কথা বলা হলেও, বিএনপির দূরত্বের ইঙ্গিত ভবিষ্যতের রাজনৈতিক সমন্বয় প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে।

 

কীওয়ার্ডস:
জামায়াত জাতীয় সমাবেশ, বিএনপি আমন্ত্রণ, জামায়াত-বিএনপি সম্পর্ক, পিআর পদ্ধতি নির্বাচন, সোহরাওয়ার্দী সমাবেশ


এ জাতীয় আরো খবর