মঙ্গলবার, মে ২৬, ২০২৬

'ডেথ সেলে' ইমরান খান: বিচ্ছিন্ন করে রাখা হচ্ছে পরিবার ও আইনজীবীদের থেকেও

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-০৭-১৮ ১৯:০৬:৪৯
ফাইল ছবি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং বর্তমান প্রধান বিরোধী নেতা ইমরান খানকে কঠোর নিরাপত্তা ব্যবস্থার আড়ালে, ‘ডেথ সেল’-এ বন্দি রেখে অমানবিক আচরণ করা হচ্ছে বলে অভিযোগ তুলেছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলটির দাবি, তাকে ন্যূনতম মানবাধিকার থেকেও বঞ্চিত রাখা হচ্ছে—যা সরাসরি আদালতের আদেশ লঙ্ঘন।
পিটিআই-এর কেন্দ্রীয় তথ্য সচিব শেখ ওয়াকাস আকরাম বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, “ইমরান খানকে দিনে ২২ ঘণ্টা একটি একাকী কক্ষে আটকে রাখা হয়েছে। কোনো সংবাদপত্র, টেলিভিশন, এমনকি বইপত্রও তার জন্য বরাদ্দ নেই। আইনজীবী বা নিকট আত্মীয়দের সঙ্গে সাক্ষাতের অনুমতি তো দূরের কথা, আদালতের নির্দেশ অনুযায়ী নির্ধারিত ছয়জনকেও দেখা করতে দেওয়া হচ্ছে না।”
আকরামের মতে, “এটি এক ধরনের মানসিক নির্যাতন। সংবিধান ও মানবাধিকারের পরিপন্থী এই বন্দিত্ব সরাসরি আদালত অবমাননার শামিল।”
তিনি আরও অভিযোগ করেন, ইমরান খানের স্ত্রী বুশরা বিবি এবং তার বোন আলিমা খানকেও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে সাক্ষাতের অনুমতি দেওয়া হচ্ছে না।
শেখ ওয়াকাস আকরাম জানান, শুধু ইমরান খানই নন, কারাগারে থাকা অন্যান্য পিটিআই নেতারাও অবহেলার শিকার।
“সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশির শারীরিক অবস্থার অবনতি ঘটছে। চিকিৎসা বা মানবিক সহায়তার ব্যবস্থা নেওয়া হচ্ছে না।”
সংবাদ সম্মেলনে সরকারে বর্তমান অর্থনৈতিক অবস্থাও সমালোচনার মুখে পড়ে। আকরাম বলেন, “পিটিআই সরকারের সময় পেট্রোলের দাম মাত্র ৫১ রুপি বেড়েছিল, কিন্তু গত ১৫ মাসে এই সরকার সেটি বাড়িয়ে দিয়েছে ৮২ শতাংশ। বর্তমানে পেট্রোলের দাম পৌঁছেছে ২২০ রুপিতে।”
এমন পরিস্থিতিতে পাকিস্তানের প্রধান বিচারপতির কাছে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন পিটিআই মুখপাত্র।
“আদালতের আদেশ যেভাবে উপেক্ষা করা হচ্ছে, তা বিচার বিভাগের মর্যাদা ক্ষুণ্ন করছে। দেশের আইনি শাসন আজ প্রশ্নবিদ্ধ।”
সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দুর্নীতিসহ বিভিন্ন মামলায় দোষী সাব্যস্ত হয়ে কারাগারে রয়েছেন। তার গ্রেফতার ও বিচারকে রাজনৈতিক প্রতিহিংসার অংশ বলেই মনে করছে পিটিআই ও তার সমর্থকরা। এর আগেও মানবাধিকার সংস্থাগুলো তার বন্দিত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল।
ইমরান খানের প্রতি এই অমানবিক আচরণ এবং আদালতের নির্দেশনা লঙ্ঘনের অভিযোগ শুধু পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশ্ন তুলে দিচ্ছে দেশটির আইনি ব্যবস্থা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে।

কিওয়ার্ডস:

#ইমরান_খান
#পাকিস্তান_রাজনীতি
#পিটিআই
#কারাবন্দি_ইমরান
#মানবাধিকার_লঙ্ঘন


এ জাতীয় আরো খবর