গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ চলাকালে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের হামলার ঘটনায় আন্তর্জাতিক প্রতিক্রিয়া কেমন হবে, সেই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে কূটনৈতিক অঙ্গনে। তবে ভারতের পক্ষ থেকে এ ঘটনায় সরাসরি কোনো অবস্থান জানানো হয়নি।
বৃহস্পতিবার (১৭ জুলাই) নয়াদিল্লিতে সাপ্তাহিক নিয়মিত ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিষয়টি এড়িয়ে যান।
রণধীর জয়সওয়াল বলেন, “আমাদের অঞ্চলে যেকোনো ডেভেলপমেন্টের দিকেই আমরা সতর্ক নজর রাখি, সেটা আমলে নিই এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের যা করণীয় সেটাও করা হয়।”
তার এই বক্তব্যে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা রাজনৈতিক হামলার প্রসঙ্গে কোনো সরাসরি প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, নয়াদিল্লির এই ‘সচেতন নীরবতা’ আসলে বাংলাদেশে ক্ষমতাসীন দলের প্রতি ভারতের কৌশলগত সমর্থনের ইঙ্গিত বহন করছে।
বাংলাদেশিদের ভারতীয় ভিসা দেওয়ার বিষয়টি উল্লেখযোগ্য হারে বাড়ছে বলেও দাবি করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি বলেন, “আমরা তো ভিসা দিচ্ছি। নানা কারণে দেওয়া হচ্ছে, উল্লেখযোগ্য পরিমাণে দেওয়া হচ্ছে।”
তবে তিনি স্পষ্ট করে কত সংখ্যক ভিসা দেওয়া হয়েছে, তা জানাতে পারেননি। বলেছেন, “এটা আমাকে পরে জেনে বলতে হবে।”
রণধীর জয়সওয়াল জানান, যেসব কারণে এখন ভিসা দেওয়া হচ্ছে, তার মধ্যে রয়েছে-
মেডিক্যাল ইস্যু বা জরুরি চিকিৎসা
ছাত্রছাত্রীদের স্টুডেন্ট ভিসা
পারিবারিক জরুরি প্রয়োজনে ভ্রমণ
ব্যবসায়িক প্রয়োজনে সীমিত ভিসা
হিউম্যানিটেরিয়ান বা বিশেষ বিবেচনার আবেদন
প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই-আগস্ট থেকেই ভারতীয় ভিসা কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়ে। ভিসা পেতে অসংখ্য বাংলাদেশি চরম ভোগান্তির শিকার হন। এমন পরিস্থিতিতে ২০২৫ সালের মাঝামাঝি এসে ভারত ভিসা প্রদান ‘স্বাভাবিক হয়ে গেছে’ বললেও সরকারিভাবে কোনো পরিসংখ্যান এখনো প্রকাশ হয়নি।
বাংলাদেশে একটি সংবেদনশীল ও অস্থির রাজনৈতিক সময়ে, গোপালগঞ্জের মতো একটি আন্দোলন দমনের ঘটনায় ভারতের নিরবতা আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। অনেকে এটিকে ভারতের “অভ্যন্তরীণ রাজনৈতিক সমীকরণে হস্তক্ষেপ না করার কৌশল” বলেও ব্যাখ্যা করছেন।
কিওয়ার্ডস:গোপালগঞ্জ এনসিপি পদযাত্রা হামলা ২০২৫,নয়াদিল্লি গোপালগঞ্জ রাজনৈতিক সহিংসতা,ভারতীয় ভিসা বাংলাদেশ আপডেট ২০২৫,রণধীর জয়সওয়াল ব্রিফিং বাংলাদেশ,ভারত বাংলাদেশ রাজনৈতিক সম্পর্ক ২০২৫