বুধবার, জুন ২৪, ২০২৬

মো শা হে দ চৌ ধু রী

  • এই দেশ আমার নয়
  • ২০২৫-০৭-১৬ ১৩:০৩:৫২

খুনের পর খুন, ধর্ষণের পর ধর্ষণ --
রক্তে লাল হয়ে ওঠে শিশিরভেজা স্নিগ্ধ সকাল
আর নির্বাক দাঁড়িয়ে থাকে কিছু পাথরচোখ,
কিছু চোখে আগুন -- যে আগুনের ভাষা আজ অর্থহীন।
চাঁদাবাজির নামে লুণ্ঠন হয় মানুষের অর্থ-সম্ভ্রম আর বিবেক
অপরাধীর কণ্ঠে থাকে মানবতার বুলি,
সামাজিক বিচার ? সে তো নিছক এক প্রহসন
এ বোকাদের খেলা -- যেখানে নিরপরাধ মানুষ হেরে যায় বারবার।
এ কোন দেশ ?
যেখানে শিশু নিরাপদ নয় তার স্কুলে,
নারী নিরাপদ নয় তার সংসারে ও কর্মক্ষেত্রে,
কৃষক নিরাপদ নয় তার ফসলের জমিতে।
এ কোন পতাকা উড়ছে সগৌরবে
যার পতপত শব্দে লুকানো থাকে শুধুই আর্তনাদ !
এ দেশ আমার নয় ---
ভয়ে সন্ত্রস্ত এই দেশ আমার নয়
এ দেশ লুটেরার, ধর্ষকের, খুনির
এমন দেশ আমার হতে পারে না।
আমার স্বপ্নে ছিল শান্তি, আমার ইশতেহারে ছিল মানবতা।
যে মাটি বীর জন্ম দিয়েছিল,
সে মাটির গায়ে আজ ঘৃণার দাগ, বীভৎস কালিমা।
আমি খুঁজি সেই দেশ, যেখানে মানুষ ভালোবাসে মানুষকে,
যেখানে শিশু হাসে ভোরের মতো
যেখানে স্বাধীনতা মানে সম্মান,
যে দেশের আকাশ রক্তজবা রঙে রঞ্জিত হয়।
বুকের ভেতর রক্তক্ষরণের জ্বালায় আমি চিৎকার করে বলি --
এই দেশ রক্তচক্ষুর ভয়ে কম্পিত, এই ভূখণ্ড আমার দেশ নয়
---- এই দেশ আমার নয়, আমি চাই না এমন স্বদেশ।

 


এ জাতীয় আরো খবর