মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

অ রু ণি মা চ্যা টা র্জী

  • বাকিটুকু অসমাপ্ত
  • ২০২৫-০৭-১৬ ১৩:০০:৫৩

উত্তরগোলার্ধের মেরু বিন্দুতে
অন্তত একটিও কৃষ্ণচূড়া ফুল যদি ফোটাতে পারো !
তাহলে ভালোবাসার কথা বোলো।
যখন শহর জুড়ে কালবৈশাখী তাণ্ডব চালায়
যদি তোমার বুকে ধ্বস নামে,
আমি বৃষ্টি আঁচলে, শিউলি সড়ক বানাবো !
শহর কাঁদছে, মানুষ কাঁদছে,
মেরুকরণের সমীকরণ যদি ভুলে যাও !
বৃথাই খুঁজছো আমায়।
গাছেদের মত সহিষ্ণু হতে গিয়ে
শিরদাঁড়াটা যাদের অষ্টবক্র মুনির মতো
বেঁকে গিয়ে মাটিতে মিশে গেছে,
তাদের হাতে কৃপাণ তুলে দাও।
কথা দিলাম, চিরকাল থাকবো তোমার পাশে।

সাহারার তৃষ্ণা মেটাতে, কেই বা কবে পেরেছে !
ওখানে চোখের জলে, টলটলে স্বচ্ছ জলাধার
বানিয়ে আসতে পারো!
কথা দিলাম, নীল পদ্ম ফোটাবো।
মানুষ, মরীচিকা ভেবে, দিকভ্রান্ত হবে না !
এ শহরের অলিতেগলিতে প্রতি সন্ধ্যায়
ভুলভুলাইয়া নামে,
তুমি রুশী নায়েকের মতো, লাল আবির মেখে
আমার শহরবাসীকে লাল সূর্যের স্বপ্ন দেখাবে !
সামান্য শর্ত ! কি পারবে না ?

গ্রাম্য সোতা নদীর মতো, বয়ে যাওয়া অনন্ত ফুটপাত ধরে হাঁটতে হাঁটতে,
একসাথে সূর্যাস্ত দেখব
কথা দিয়েছিলাম !
তুমি পাকদন্ডী বেয়ে, সমতল ছেড়ে
বহুদূর বহুদূর চলে গেছো,
আকাশ সাহচর্য পেতে !

সূর্য ওঠা থেকে সূর্যাস্ত ! মাত্র বারো ঘন্টা !
মুসাফির হয়ে নয়, একটি মানবিক সহমর্মী মন নিয়ে,
এসো আমার শহরে !
চোখের জলে ধুয়ে যাবে
আমাদের না রাখা প্রতিশ্রুতির কর্মকাণ্ড।
মন খারাপের রং কি ?
বিষন্নতার রং কি ?
জানা নেই, তোমারও আমারও !
তাই মুক্তর চেয়েও দামি, চোখের জলে
তোমার বুকে এক অনন্ত নদীর রূপরেখা এঁকেদিলাম।
তুমি শুধু জলরঙে সাদা ক্যানভাসে,
বিষন্নতার রং এঁকো !
শেকড়ের টানে তোমাকে যে ফিরতেই হবে।
ততদিন ভালোবাসা অসমাপ্ত থাক , কেমন !


এ জাতীয় আরো খবর