তুমি ভাবো বুঝি
এটুকুই তো -- কদিনের আর খেলাঘর!
শ্যামাপোকার ডানায় লেগে থাকা
আলোমাখা মৃত্যুর উড়ান
অথবা জোনাক পোকার মতো আলো জ্বেলে
খুঁজে ফেরা শেষের সে রাত!
আরও আরও কতোকিছু --
ধরো, শিকারী বাবুইঠোঁটে আর্তনাদী আলো
কতো করে যে মাথা কুটে মরে -- অভিশাপ দেয়,
বাবুই বোঝে না, সেও আটকে আছে অন্য কোনো ঠোঁটে
তার জীবনও ঝুলে আছে সুক্ষ্ম সুতোয় -- মৃত্যুর।
জীবনকে ভালোবাসার মতো ভুল কিছু নেই।
তবু ভুল হয়। করি। করে বসি।
দুদিনের খেলাঘরে ভুলের দোলায়
দুলি, হাসি, গান গাই, অন্য কোনও স্ফুলিঙ্গের সাথে।
তোমার চোখের জলে
তবুও ভিজে যায়
ভিজে ভিজে যায়
পথ, যাত্রার।
আঁধারের
অন্ধকারের
শ্যামের।
তুহুঁ মম শ্যাম রে বাঁশরিয়া।