মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

স ঙ্গী তা ক র

  • জীবন
  • ২০২৫-০৭-১৬ ১২:৫০:২৪

শুনছি ডান দিকের স্তনটা বাদ দিতে হবে 
রিপোর্ট বলছে সমস্যা ওখানেই শুরু 
অথচ এইতো কদিন আগেও বুকের গঠন দেখে মনে মনে অহংকার হতো 
এমন সুগঠিত দেহ আমার! 
তারপর হঠাৎ একদিন তীব্র ব্যথা 
যন্ত্রণা কামড় বসালো আমার আনন্দে
হ্যাঁ আমি ওদেরকে আনন্দ বলে ডাকতাম 
ওরা সৌন্দর্য্যের রূপকার 
ওদের দেখে পতঙ্গের মতো আকৃষ্ট হয় প্রেমিক
ওরাই শিশুর প্রথম অমৃত ভান্ডার 
ওরা খুশির স্রোত 
স্পর্শ পেলে প্রজাপতির মতো ডানা মেলে 
ওরাই আমায় অপার আনন্দ এনে দিয়েছিলো, 
এখন কাগজের উপর সাদা কালো অক্ষরে লেখা দেখে বিরক্ত লাগছে 
কিছু যন্ত্রণা হচ্ছে 
পরিচিত মুখগুলো দেখতে পাচ্ছি কাছাকাছি 
একটা অঙ্গ হারানোর লজ্জায় কেমন ফ্যাকাসে হয়ে গেছে 
তারা একটু একটু করে দূরে সরে যাচ্ছে
খুব নিজের মানুষটির চোখে মুখে সংশয় ফুটে উঠছে
দেখে আমার খুব মন খারাপ হলো
কান্না পেলো
ইচ্ছে করছে মরে যাই মরে যাই 
হঠাৎ একজন এসে উপস্থিত
চোখের সামনে রামধনু ছড়িয়ে দিয়ে বললো আলো দিলাম পথ চলো
আমি অবাক হয়ে বললাম আমার রূপহীন শরীর নিয়ে তোমার পাশে দাঁড়াতে পারবো না 
তুমি ক্ষমা করো
সে হাসলো 
হাসিতে আলো ঝরে ঝরে পড়লো
কাঁধে হাত রেখে বললো বড় ভালোবাসি তোমায়
আমি বললাম এমন রূপহীন দেহ তুমি ভালোবাসো? 
সে আরো কাছে টেনে নিলো 
কানে এলো কেউ ডাকছে মা--আ, মা--আ 
আমার প্রাণটা ছটফট করে উঠলো
বুকের যন্ত্রণা তখন হৃদয়ে পৌঁছালো 
প্রাণপণে চিৎকার করে বললাম আমি বাঁচতে চাই 
আমি বাঁচতে চাই এই ডাক শোনার জন্য
বাঁচতে চাই নিজের জন্য
এ পৃথিবীর রূপ, রস, গন্ধ সবটুকু উপভোগ করার জন্য

সে খুশি হয়ে আবার আমার হাত ধরলো শক্ত করে 
ফিসফিস করে বললো চলো এগিয়ে চলি
তুমি পারবে তুমি পারবে সামনের বাধা সরিয়ে পথ চলতে
আমি উঠে বসলাম 
বললাম তোমার জন্যই বেঁচে থাকার অনুপ্রেরণা পেলাম
তোমার জন্যই নিজেকে নতুন করে চিনলাম
তোমার নাম কি গো? 
সে কিছু না বলে শুধু এগিয়ে নিয়ে চলতে থাকলো---
বুঝলাম আস্তে আস্তে রাত কেটে ভোর হতে চলেছে।


এ জাতীয় আরো খবর