বুধবার, আগস্ট ১৯, ২০২৬

আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

  • মিজানুর রহমান
  • ২০২৫-০৭-১৬ ০০:২৯:৩৬

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:
টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু করে নিচতলার সব শ্রেণিকক্ষ পানিতে তলিয়ে যাওয়ায় পাঠদান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
বিদ্যালয় চত্বরের চারদিক থেকে বয়ে আসা বৃষ্টির পানির সঙ্গে মিশে গেছে শৌচাগারের বর্জ্য ও আবর্জনা। নিচতলার টয়লেটগুলো পানির নিচে থাকায় সেখানকার ময়লা ও দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে শ্রেণিকক্ষে পর্যন্ত। এতে পরিবেশ যেমন অস্বাস্থ্যকর হয়ে উঠেছে, তেমনি শিক্ষার্থীদের মাঝে দেখা দিয়েছে নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসাদুজ্জামান মিন্টু জানান, “গত তিনদিনে টানা বৃষ্টির কারণে শ্রেণিকক্ষে পানি ঢুকে পড়েছে। শিক্ষার্থীদের পোশাক ভিজে যাচ্ছে, অনেকেই ঠান্ডা ও সর্দিজনিত অসুখে ভুগছে।”
প্রধান শিক্ষক কামরুল হাসান বলেন, “প্রতিবছর বর্ষায় জলাবদ্ধতার সমস্যায় পড়তে হয়। তবে এবার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। পানি দ্রুত না নামলে শিক্ষাকার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হবো।”
অষ্টম শ্রেণির শিক্ষার্থী ওয়াফা, নুপুর ও রাফি জানায়, “স্কুলে আসার সময় জুতা ও কাপড় ভিজে যায়। ভেজা কাপড়ে পুরোদিন ক্লাস করতে হয়। অনেক সহপাঠী এখন ঠান্ডা-জ্বরে আক্রান্ত। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নেয়া হোক—এটাই আমাদের অনুরোধ।”
অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিদ্যালয়টিতে পানি নিষ্কাশনের কোনো টেকসই ব্যবস্থা না থাকায় এ দুর্ভোগ দিনের পর দিন বাড়ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতাকেই তাঁরা এ অবস্থার জন্য দায়ী করছেন।
তাঁদের দাবি—অবিলম্বে পানি নিষ্কাশন, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে। পাশাপাশি, স্থায়ী সমাধানের জন্য বিদ্যালয় চত্বরে উন্নত ড্রেনেজ ব্যবস্থার বাস্তবায়নের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
বিদ্যালয়ে চলমান এ দুরবস্থায় শিক্ষার পরিবেশ ভেঙে পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা, যদি না তাৎক্ষণিক কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়।

 


এ জাতীয় আরো খবর