বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য অঙ্গনের অন্যতম শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব ও এইচআরসি গ্রুপের চেয়ারম্যান সাঈদ হোসেন চৌধুরী আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (১৫ জুলাই) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সচিব এমডি সোহেল।
সাঈদ হোসেন চৌধুরী ছিলেন বিশিষ্ট শিল্পগোষ্ঠী এইচআরসি গ্রুপের চেয়ারম্যান। পাশাপাশি তিনি ছিলেন কর্ণফুলী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। তাঁর পিতা হেদায়েত হোসেন চৌধুরী কর্ণফুলী গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে খ্যাত।
তিনি ছিলেন আওয়ামী লীগ নেতা ও দেশ টিভির চেয়ারম্যান সাবের হোসেন চৌধুরীর বড় ভাই।
শিল্পপতি পরিচয়ের বাইরেও তিনি আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। স্পেনে বাংলাদেশের অনারারি কনসাল হিসেবে একাধিক বছর দায়িত্ব পালন করেছেন তিনি।
ব্যবসা, কূটনীতি এবং সামাজিক অঙ্গনে তার দীর্ঘ অবদানে বহু মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন সাঈদ হোসেন চৌধুরী। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যা ও অগণিত শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারের সদস্যদের মধ্যে। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ব্যবসায়ী মহল থেকেও শোক জানানো হচ্ছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত পরিবার থেকে আনুষ্ঠানিকভাবে জানাজা বা দাফনের সময় ও স্থান জানানো হয়নি।
কীওয়ার্ডস: সাঈদ হোসেন চৌধুরী মৃত্যু, এইচআরসি গ্রুপ চেয়ারম্যান, কর্ণফুলী গ্রুপ, সাবের হোসেন চৌধুরীর ভাই, স্পেনে অনারারি কনসাল, বিশিষ্ট শিল্পপতির ইন্তেকাল,