বাংলাদেশ গণমুক্তি পার্টির সভাপতি এম এ আলীম সরকার শনিবার (১২ জুলাই) এক বিবৃতিতে বলেন, আমরা গভীর উদ্বেগ ও ক্ষোভের সাথে মিটফোর্ড হাসপাতালের সামনে গত ৯ জুলাই সন্ধ্যায় চাঁদা না দেওয়ায় একদল সন্ত্রাসী প্রকাশ্য দিবালোকে লাল চাঁদ ওরফে সোহাগ নামের ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ ধরনের নির্মম হত্যাকাণ্ড একটি সভ্য সমাজে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই ঘটনা প্রমাণ করে যে, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরমভাবে ভেঙে পড়েছে এবং জননিরাপত্তা প্রশ্নের মুখে।
বিএনপির সহযোগী সংগঠনের ওপর তাঁদের নিয়ন্ত্রণ না থাকার কারণে যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল বেপরোয়া হয়ে উঠেছে। যার ফলে সারা দেশে চাঁদাবাজি, জুলুম-নির্যাতন বেড়েই চলছে। এটা বিএনপির জন্য অশনিসংকেত।
প্রকাশ্যে, জনসমাগমপূর্ণ এলাকায় একজন মানুষকে এভাবে হত্যা করা মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়েছে—এটি রাষ্ট্রের ব্যর্থতা ও সুশাসনের অভাবে অপরাধীদের বেপরোয়া হয়ে ওঠার ফল। আমরা এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
বাংলাদেশ গণমুক্তি পার্টি মনে করে, অপরাধীদের রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় ও বিচারহীনতার সংস্কৃতির অবসান না হলে এ ধরনের ঘটনা বারবার ঘটতেই থাকবে।