বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬

সহিংসতা-নিপীড়নের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র-যুবাদের বিক্ষোভ

  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৫-০৭-১২ ১২:৩২:১২
ছবি সংগৃহিত

 ব্রাহ্মণবাড়িয়া | ১২ জুলাই ২০২৫, শনিবার
সাম্প্রতিক সময়ে দেশজুড়ে ধর্ষণ, নারী ও শিশুর ওপর নিপীড়ন, সন্ত্রাস, চাঁদাবাজি এবং সহিংস ঘটনার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় এক স্বতঃস্ফূর্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসব ঘটনার বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে সাধারণ শিক্ষার্থী ও স্থানীয় যুবসমাজ নিজ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করে।
শনিবার সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। কর্মসূচির ব্যানারে লেখা ছিল: “ব্রাহ্মণবাড়িয়া ছাত্র জনতা-অন্যায়ের বিরুদ্ধে আমরা এককাট্টা।”
সমাবেশে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, তারা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন না, বরং দেশের সাধারণ নাগরিক হিসেবে এই অন্যায় ও সহিংসতার প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছেন।
একজন বক্তা বলেন: “আজ আমরা শুধু ব্রাহ্মণবাড়িয়ার নয়, পুরো দেশের মানুষের পক্ষে কথা বলতে এসেছি। ধর্ষণের বিচারহীনতা, সন্ত্রাস ও চাঁদাবাজির রাজত্ব আর বরদাস্ত নয়।”
সমাবেশে বক্তারা সাম্প্রতিক কয়েকটি আলোচিত সহিংস ঘটনার দ্রুত বিচার এবং সরকারের আইনশৃঙ্খলা রক্ষায় আরও কার্যকর ও দায়বদ্ধ ভূমিকা কামনা করেন।
তারা বলেন- “এভাবে যদি সমাজে অন্যায় অব্যাহত থাকে, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা একটি ভয়াবহ অন্ধকার সমাজ রেখে যাব। এই নৈরাজ্য রোধে এখনই ছাত্র-যুবাদের ঐক্যবদ্ধ হতে হবে।”
সমাবেশে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি বেসরকারি চাকরিজীবী, ক্ষুদ্র ব্যবসায়ী এবং তরুণ সমাজকর্মীরাও উপস্থিত ছিলেন।
তাদের হাতে ছিল প্ল্যাকার্ড:
“ধর্ষকের কোনো দল নেই – চাই দ্রুত বিচার”
“নিপীড়নের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জাগছে”
“বিচারহীনতা মানি না, মানবো না”

বিক্ষোভ শান্তিপূর্ণভাবে শেষ হয় এবং অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
সাম্প্রতিক সময়েই দেশের বিভিন্ন স্থানে একাধিক নারী ও শিশু ধর্ষণের ঘটনা, শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি, রাজনৈতিক প্রভাব খাটিয়ে অপরাধীদের রক্ষা, ও চাঁদাবাজির ঘটনা উদ্বেগের জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এসব বিষয়ে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। এ প্রেক্ষাপটে ব্রাহ্মণবাড়িয়া ছাত্র জনতার এই কর্মসূচি নতুন এক জনসচেতনতার বার্তা দিল।

কিওয়ার্ডস:


এ জাতীয় আরো খবর