রবিবার, জুন ২৮, ২০২৬

চুয়াডাঙ্গায় তেলবাহী লরির ধাক্কায় ইজিবাইকের ৩ যাত্রী নিহত, আহত ৬

  • চুয়াডাঙ্গা প্রতিনিধি
  • ২০২৫-০৭-০৫ ০০:২৭:৩০
ছবি সংগৃহিত

চুয়াডাঙ্গার জাফরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তেলবাহী ট্যাংক লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকের তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চালকসহ আরও অন্তত ছয়জন। শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যা সাতটার দিকে সদর উপজেলার জাফরপুর বিজিবি ক্যাম্পের সামনে দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ রয়েছেন, যাদের পরিচয় এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। মৃতদেহগুলো বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আহতদের মধ্যে রয়েছেন-ইজিবাইক চালক আরিফুর রহমান (৩৫), যিনি দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের বাসিন্দা। এছাড়া আহত হয়েছেন আলামিন (২২), দেলোয়ার হোসেন (৩০), ফাহাদ (২২), রিয়া খাতুন (২০) এবং তার এক বছর বয়সী শিশু ইয়াসিন। তারা বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় জাফরপুর বিজিবি ক্যাম্পসংলগ্ন সড়কে দ্রুতগতির তেলবাহী লরি ও বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। তীব্র ধাক্কায় ঘটনাস্থলেই এক নারী ও একজন পুরুষ যাত্রী নিহত হন। আহতদের হাসপাতালে নেওয়ার পর সেখানে আরেকজন পুরুষ মারা যান।
চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, "তদন্ত শুরু হয়েছে এবং নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।"
চুয়াডাঙ্গা অঞ্চলে যানবাহনের নিরাপত্তা এবং নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ রয়েছে। এই দুর্ঘটনা আবারও প্রমাণ করল, সড়কে ভারী যানবাহনের গতির লাগাম টানা, রাস্তার নিরাপত্তা বৃদ্ধি এবং ইজিবাইকের মতো ছোট যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করা জরুরি হয়ে পড়েছে।

 


এ জাতীয় আরো খবর