মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

অবশেষে দখলমুক্ত পাইকগাছার নাছিরপুর খাস খাল

  • শেখ নাদীর শাহ্,
  • ২০২৫-০৭-০২ ১৬:২০:৫৮

পাইকগাছা(খুলনা):
অবশেষে অবমুক্ত হলো খুলনার পাইকগাছা উপজেলার বহুলালোচিত নাছিরপুর খাস খাল। দীর্ঘ দিন ধরে কখনো ইজারা নিয়ে আবার কখনো ইজারাবিহীন অবৈধ দখলে রেখে খন্ড খন্ড করে নেটপাটা দিয়ে লবণ পানির চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করছিল দখলদাররা। দীর্ঘ প্রায় ৩ দশক পর সরকারি খাল দখলমুক্ত করে জনগণের অধিকার নিশ্চিতে মূখ্য ভূমিকা রাখায় প্রশংসায় ভাসছেন পাইকগাছা-কয়রার কৃতি সন্তান বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস এর চেয়ারম্যান,
পিএসসি’র বিশেষ পরীক্ষক, দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক ও কপিলমুনি কলেজ পরিচালনা পরিষদের সভাপতি আনোয়ার আলদীন।
বুধবার (০২ জুলাই) দুপুরে আনুষ্ঠানিকভাবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইফতেখারুল ইসলাম শামীম, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, সেনাবাহিনীর কর্মকর্তা, পুলিশ সদস্যদের নিয়ে শত শত এলাকাবাসীর উপস্থিতিতে নাছিরপুর খাল অবৈধ দখল মুক্তর সাইনবোর্ড লাগিয়ে দেন। খালের মধ্যে অবৈধ নেটপাটা অপসরণ কাজ শুরু করেন। খালের সাত স্থানে দেওয়া নেটপাটা পর্যায়ক্রমে উন্মুক্ত করে পানিপ্রবাহ নিশ্চিত করা হবে বলেও তাৎক্ষণিক জানানো হয়।
এর আগে, গত ২৫ জুন ভূমি মন্ত্রনালয়ের উপসচিব রুহুল আমিন স্বাক্ষরিত উন্নয়ন প্রকল্পের আওতায় ১৪৩২-৩৭ বঙ্গাব্দ মেয়াদে নাছিরপুর খাল (বদ্ধ) জলমহাল ইজারা প্রদান সংক্রান্ত এক পত্রে জানানো হয়, গত ১৬ জুন সরকারি জলমহাল ইজারা প্রদান সংক্রান্ত কমিটির ৮৫ তম সভায় জলমহাল ব্যবস্থাপনা নীতি মোতাবেক জলমহালটি আপাতত উন্মুক্ত রাখতে সিদ্ধান্ত হয়।

পরবর্তীতে আদালত কর্তৃক রায় অনুযায়ী প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে। এলক্ষে উন্নয়ন প্রকল্পে ইজারার লক্ষ্যে দাখিলকৃত তালতলা মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ যার (অনলাইন আবেদন নং ২২৬৯১), নগরশ্রীরামপুর মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ যার (অনলাইন আবেদন নং-২২৭৭৪) ও নাছিরপুর মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ যার (অনলাইন আবেদন নং-২২৬৬২) পাইকগাছা, খুলনার আবেদন সমূহ বিবেচনা করার সুযোগ নেই মর্ম্মে নামঞ্জুরের সিদ্ধান্ত গৃহীত হয়। যার স্মারক নং- ৩১. ০০.০০০০.০৫০. ৬৮.০১৪.২৫. ৪৩৬।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন যাবত খালের বিভিন্ন স্থানে খন্ড খন্ড করে নেটপাটা দিয়ে মাছ চাষ করে বর্ষা মৌসুমে বিস্তীর্ণ অঞ্চলের অন্তত ২০ টি গ্রামের অর্ধলক্ষ মানুষ কৃত্রিম জলাবদ্ধতায় ভুগেছে। এছাড়া আবাদ মৌসুমে খালের পানি বৃদ্ধি পেয়ে লবণ পানি ঢুকে পড়ায় ধান চাষ চরমভাবে বাঁধাগ্রস্ত হতো। দীর্ঘ প্রতীক্ষার পর চলমান সমস্যার পরিত্রাণ মিলবে এমনাই ধারণা এলাকাবাসীর।
এ প্রসঙ্গে স্থানীয় কপিলমুনি ইউনিয়ন ভূমি অফিসের ইউএলএও কৃষ্ণ চন্দ্র দাশ জানান, নাছিরপুর ও তার শাখা সহ সর্বোমোট ৬৮.১০ একরের ৩টি খাল উন্মক্ত বাস্তবায়নে বুধবার জেলা ও উপজেলা প্রশাসনের যৌথ টিম নাছিরপুর এলাকা পরিদর্শন করেছে।
সর্বশেষ বুধবার দুপুরে প্রশাসনের পক্ষ থেকে নাছিরপুর খাল অবৈধ দখল মুক্ত ঘোষণার পর তাৎক্ষণিক  উপস্থিত শত শত মানুষ উল্লাস প্রকাশ করে এ কাজে মূখ্য ভূমিকা রাখায় বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস এর চেয়ারম্যান,
পিএসসি’র বিশেষ পরীক্ষক, দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক ও কপিলমুনি কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও অবহেলিত জনপদের উন্নয়নের প্রচার বিমুখ স্বপ্নদ্রষ্ঠা আনোয়ার আলদীন সহ সংশ্লিষ্টদের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। দীর্ঘ প্রায় ৩ দশক পর খালে নিজেদের অধিকার ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে অনেকেই কান্নায় ভেঙে পড়েন। কেউ কেউ আবার জাল নিয়ে খালে মাছ ধরতে নেমে পড়েন। 


এ জাতীয় আরো খবর