রবিবার, নভেম্বর ২২, ২০২৬

‘জুলাই মন্তব্য’ বিতর্কে তা’মীরুল মিল্লাতে উত্তেজনা: চুল কেটে প্রতিবাদ, ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগ

  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৫-০৭-০২ ০১:০০:৫৩

গাজীপুরের টঙ্গীতে অবস্থিত তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার ছাত্রাবাসে ‘জুলাই গণঅভ্যুত্থান’ নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে আলিম পরীক্ষার্থী মেজবাহ উদ্দিন তীব্র ছাত্রবিক্ষোভের মুখে পড়েছেন। উত্তেজিত শিক্ষার্থীরা অভিযুক্তকে আটক করে চুল কেটে প্রতীকী প্রতিবাদ জানান। পরে মাদ্রাসা প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
ঘটনার সূত্রপাত হয় মঙ্গলবার (১ জুলাই) সকালে। জানা গেছে, মেজবাহ উদ্দিন নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে ‘রক্তাক্ত জুলাই’ গণআন্দোলন নিয়ে অবমাননাকর মন্তব্য করেন। যদিও বিষয়টি তাৎক্ষণিকভাবে শিক্ষার্থীদের নজরে আসেনি, সন্ধ্যার দিকে ওই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়।
রাত আটটার পর থেকেই তিতুমীর হলের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কয়েকজন আবাসিক শিক্ষার্থী মেজবাহকে তার ৬০০১ নম্বর কক্ষ থেকে বের করে মাদ্রাসার মূল মাঠে নিয়ে আসেন এবং বিক্ষোভের অংশ হিসেবে তার চুল কেটে দেন। শিক্ষার্থীদের অভিযোগ-মেজবাহ ‘শহীদ নাসির ইসলাম ও জুলাইয়ের শহীদদের অবমাননা’ করেছেন।
অভিযুক্ত মেজবাহ উদ্দিন সম্পর্কে শিক্ষার্থীদের অভিযোগ, তিনি আগে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ ঘোষিত এই সংগঠনের কার্যক্রমে পুনরায় সক্রিয় হচ্ছিলেন। এই রাজনীতিক সংশ্লিষ্টতাকেও শিক্ষার্থীরা তীব্রভাবে নিন্দা করেন।
তার সহপাঠী আলিম পরীক্ষার্থী আবির বলেন- “সে শহীদদের প্রতি ঘৃণাসূচক কথা বলেছে। যে শহীদ নাসির ইসলামের রক্তে এই হলের আত্মত্যাগের ইতিহাস, তাকে অসম্মান মানে আমাদের সকলকেই অপমান করা।”
মাদ্রাসার তিতুমীর হল সংসদের জিএস আরিফুল ইসলাম জানান, “আমি দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উদ্যোগ নিই। উত্তেজিত ছাত্ররা তাকে মাদ্রাসার মাঠে এনে প্রতিবাদ করলেও পরে প্রশাসনের সহায়তায় আমরা তাকে হেফাজতে নিয়ে আসি।”
মাদ্রাসার কেন্দ্রীয় ছাত্র সংসদের জেনারেল সেক্রেটারি (জিএস) সাইদুল ইসলাম বলেন, “সাধারণ ছাত্রদের নিরাপত্তার কথা মাথায় রেখে আমরা প্রশাসনের সঙ্গে আলোচনায় বসি এবং আইনগত প্রক্রিয়ায় বিষয়টি সমাধানের সিদ্ধান্ত নেই।”
মাদ্রাসার অধ্যক্ষ হিফজুর রহমান বলেন-“বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। অভিযুক্ত শিক্ষার্থীকে আমরা পুলিশে হস্তান্তর করেছি। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, “আটককৃত শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে। বিষয়টি আমরা গুরুত্বসহকারে দেখছি।”
মাদ্রাসার ছাত্রদের মতে, জুলাই গণঅভ্যুত্থান ও শহীদদের স্মৃতি এখন জাতীয় চেতনার অংশ। তাই এ নিয়ে কুরুচিপূর্ণ বা বিতর্কিত মন্তব্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
ফাজিল প্রথম বর্ষের শিক্ষার্থী দিদারুল ইসলাম বলেন- “জুলাই আমাদের রক্তক্ষয়ী ইতিহাস। তিনজন সহপাঠী শহীদ হয়েছেন এই মাসে। মেজবাহ সেই ত্যাগকে হেয় করে কথা বলেছে। এটা মেনে নেওয়া যায় না।”
সাম্প্রতিক সময়ের ‘জুলাই কেন্দ্রিক গণসচেতনতা ও রাজনৈতিক আবেগ’ এখন অনেক প্রতিষ্ঠানে স্পর্শকাতর ইস্যুতে পরিণত হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এ নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, যার প্রতিফলন ঘটেছে এই ঘটনাতেও।

 


এ জাতীয় আরো খবর