আন্তর্জাতিক ডেস্ক
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও গভীর রূপ নিচ্ছে। ইসরায়েলের ধারাবাহিক বিমান হামলার জবাবে পাল্টা প্রতিরোধে একাধিক দফায় ক্ষেপণাস্ত্র ছুঁড়ছে ইরান। মঙ্গলবার রাত থেকে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ‘ফাত্তাহ’ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের মধ্য দিয়ে পাল্টা প্রতিরোধে নতুন মাত্রা যোগ করেছে।
এই পরিস্থিতিতে ইসরায়েলের জনজীবনে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাজধানী তেলআবিবসহ বেশ কয়েকটি শহরে জনগণের মধ্যে ব্যাপক উদ্বেগ ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।
বুধবার সকালেই আতঙ্কের বাস্তবচিত্র ধরা পড়ে পেতাহ টিকভা শহরে। তেলআবিব থেকে ১০ কিলোমিটার পূর্বের এই শহরে রাস্তায় চলন্ত একটি বাস সাইরেন ও ক্ষেপণাস্ত্রের ধোঁয়া দেখে নিয়ন্ত্রণ হারিয়ে আবাসিক ভবনে ধাক্কা খায়।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম নিউজ জানায়, বাসচালক সাইরেনের উচ্চ শব্দ ও আকাশে ছুটে চলা ক্ষেপণাস্ত্র দেখে আতঙ্কগ্রস্ত হয়ে যান, ফলে দুর্ঘটনাটি ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন। ঘটনাটি ইসরায়েলি জনগণের মধ্যে ছড়িয়ে পড়া ভয় ও নিরাপত্তাহীনতার ইঙ্গিত দেয়।
সূত্র মতে, গত ১৩ জুন থেকে ইসরায়েলের একতরফা হামলার প্রতিক্রিয়ায় ইরানের আইআরজিসি অ্যারোস্পেস ফোর্স টানা কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। সর্বশেষ পর্যায়ে ব্যবহৃত হয়েছে ‘ফাত্তাহ’ হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল, যা শব্দের চেয়ে কয়েকগুণ দ্রুতগামী এবং প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থাকে সহজেই এড়িয়ে যেতে সক্ষম।
এই হামলাগুলোতে ইসরায়েলের সামরিক ঘাঁটি, গোয়েন্দা স্থাপনা ও উচ্চ প্রযুক্তি শিল্প এলাকাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। তবে ইসরায়েল সরকার ক্ষয়ক্ষতির বিস্তারিত আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি।
এদিকে ইসরায়েলি বাহিনীর টার্গেটেড হামলায় ইরানের পারমাণবিক গবেষণা কেন্দ্র, সামরিক ঘাঁটি ও আবাসিক এলাকাও রেহাই পায়নি। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর হিসাবে, এখন পর্যন্ত এই হামলাগুলোতে ইরানের শীর্ষ পর্যায়ের সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী ও সাধারণ নাগরিকসহ অন্তত ২৪০ জন নিহত হয়েছেন।
বিশ্লেষকরা বলছেন, এই প্রাণঘাতী হামলাগুলো আন্তর্জাতিক মানবাধিকার আইন ও যুদ্ধনীতির সুস্পষ্ট লঙ্ঘন।
বিশ্লেষকেরা আশঙ্কা করছেন, এই পাল্টাপাল্টি হামলার ধারাবাহিকতা অব্যাহত থাকলে এটি একটি পূর্ণমাত্রার যুদ্ধের দিকে ধাবিত হতে পারে, যার প্রভাব কেবল মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতিতে বিপর্যয় আনতে পারে।
জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানালেও এখনো পর্যন্ত যুদ্ধবিরতি বা আলোচনার কোনো কার্যকর পদক্ষেপের ইঙ্গিত মিলছে না।
মূল পয়েন্টস:
ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ‘ফাত্তাহ’ ব্যবহারে ইসরায়েলে আতঙ্ক
বাস দুর্ঘটনায় আতঙ্কের বাস্তব প্রতিফলন
ইসরায়েলের হামলায় ইরানে প্রাণহানি ২৪০ জন ছাড়িয়েছে
যুদ্ধ সম্প্রসারণের শঙ্কায় আন্তর্জাতিক উদ্বেগ