বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

পারমাণবিক যুদ্ধের প্রান্তে মধ্যপ্রাচ্য? ইসরায়েলি হামলাকে অবৈধ বলল রাশিয়া, তদন্তের দাবি মস্কোর

  • আন্তর্জাতিক ডেস্ক:
  • ২০২৫-০৬-১৮ ১৩:৪৮:২০
ছবি সংগৃহিত

ঢাকা-১৮ জুন ২০২৫, বুধবার
মধ্যপ্রাচ্যে টানটান উত্তেজনার মধ্যে ইসরায়েলের লাগাতার হামলায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ধারাবাহিক বিমান হামলাকে “আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন” হিসেবে আখ্যায়িত করেছে পুতিন প্রশাসন। এ ধরনের আগ্রাসন বিশ্বকে একটি "ভয়াবহ পারমাণবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে" বলেও সতর্ক করেছে মস্কো।
মঙ্গলবার (১৭ জুন) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, "ইসরায়েলি বিমান হামলা শুধু অবৈধই নয়, বরং তা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য এক অগ্রহণযোগ্য হুমকি তৈরি করছে।"
রুশ বিবৃতিতে ইসরায়েলি হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়ে বলা হয়, “আমরা ইসরায়েলি নেতৃত্বের কাছে জোর আহ্বান জানাচ্ছি-আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-র তত্ত্বাবধানে পরিচালিত ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর সব ধরনের হামলা অবিলম্বে বন্ধ করুন।”
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, তারা প্রত্যাশা করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এ ইস্যুটি উত্থাপন করা হবে এবং আইএইএ’র পক্ষ থেকে একটি “বিশদ ও নিরপেক্ষ লিখিত প্রতিবেদন” প্রস্তুত করা হবে, যাতে ইরানের পারমাণবিক কমপ্লেক্সে হামলার বাস্তব ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়।
রাশিয়া একধাপ এগিয়ে বলেছে, “এই হামলা শুধু ইরান নয়, সমগ্র অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকি। এমনকি ইসরায়েল নিজেও এর চরম মূল্য দিতে বাধ্য হতে পারে।”
মস্কো এও উল্লেখ করেছে, ইরান এখনো পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে করা আন্তর্জাতিক চুক্তি (NPT)-তে স্বাক্ষরকারী দেশ এবং নিয়মিত আইএইএ প্রতিনিধিদের তাদের পারমাণবিক স্থাপনাগুলোতে প্রবেশাধিকার দিয়ে আসছে। অন্যদিকে ইসরায়েল কখনোই এনপিটিতে স্বাক্ষর করেনি এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দৃষ্টিতে, দেশটির কাছে গোপনে পারমাণবিক অস্ত্র রয়েছে বলে ধারণা করা হয়।
রাশিয়া একহাত নিয়েছে কিছু পশ্চিমা দেশকেও। বিবৃতিতে অভিযোগ করা হয়, “পশ্চিমা বিশ্বের অনেক দেশ ইসরায়েলের প্রতি অব্যাহত পক্ষপাতমূলক অবস্থান গ্রহণ করেছে। তারা এই যুদ্ধোন্মাদ আক্রমণকে নীরবে মেনে নিচ্ছে কিংবা সুযোগসন্ধানী আচরণ করছে।”
রাশিয়ার ভাষায়, এই আচরণ আন্তর্জাতিক কূটনৈতিক চেষ্টাকে দুর্বল করছে এবং পরমাণু নিরাপত্তা ব্যবস্থাকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে।
গত ১৩ জুন ইসরায়েল তেহরানে ব্যাপক বিমান হামলা চালায়, যার লক্ষ্য ছিল সামরিক ও পারমাণবিক স্থাপনা। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে উঠে এসেছে-এই হামলায় ইরানের অন্তত পাঁচজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও দুইজন পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছেন।
পরদিনই পাল্টা জবাবে ইরান ইসরায়েলের ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে। উভয়পক্ষের এই পাল্টাপাল্টি হামলা টানা পাঁচ দিন ধরে চলছে, যা মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে।
আন্তর্জাতিক কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল-ইরান সংঘাত সীমিত গণ্ডি ছাড়িয়ে আঞ্চলিক যুদ্ধ বা প্রক্সি যুদ্ধের দিকে ধাবিত হচ্ছে। বিশেষ করে যখন রাশিয়ার মতো পরাশক্তি সরাসরি ভাষায় ইসরায়েলকে আক্রমণ বন্ধের আহ্বান জানাচ্ছে এবং জাতিসংঘে বিষয়টি তুলতে চাচ্ছে-তখন এটি কেবল দুটি দেশের লড়াই নয়, বরং বৈশ্বিক নিরাপত্তার জন্যও হুমকি হয়ে দাঁড়াতে পারে।
রাশিয়ার এই বিবৃতি এমন এক সময় এসেছে যখন পশ্চিমা বিশ্ব অনেকটাই নীরব। যুক্তরাষ্ট্র কিংবা ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে এখন পর্যন্ত সরাসরি কোনো নিন্দা বা উদ্বেগ প্রকাশ করা হয়নি।
বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন জ্বলতে থাকলে তা জ্বালানি বাজারে অস্থিরতা, বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকট এবং রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করতে পারে।
রাশিয়ার কণ্ঠস্বর বিশ্ব কূটনীতিকে নতুন এক মোড় দিয়েছে। এখন দেখার বিষয়, জাতিসংঘ, আইএইএ এবং আন্তর্জাতিক সম্প্রদায় কতটা কার্যকরভাবে এই উত্তপ্ত পরিস্থিতিতে ভারসাম্য রক্ষা করতে পারে।

সূত্র: রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি, আল জাজিরা, রয়টার্স, প্রেস টিভি


এ জাতীয় আরো খবর