রবিবার, জুলাই ২৬, ২০২৬

কলম্বিয়ায় ৬.৩ মাত্রার ভূমিকম্প,কাঁপল রাজধানী বোগোতা ও আশপাশের শহরগুলো

  • আন্তর্জাতিক ডেস্ক:
  • ২০২৫-০৬-০৯ ০০:৪৭:৫২
ছবি সংগৃহিত

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার রাজধানী বোগোতায় একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে, যার মাত্রা ছিল ৬ দশমিক ৩। স্থানীয় সময় শনিবার গভীর রাতে এই ভূকম্পনের ঘটনা ঘটে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য নিশ্চিত করেছে।
ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল কলম্বিয়ার কেন্দ্রীয় অঞ্চলের পারাতেবুয়েনো শহরের কাছাকাছি, যা রাজধানী বোগোতা থেকে প্রায় ১৭০ কিলোমিটার পূর্বে অবস্থিত। ইউএসজিএস-এর তথ্যমতে, ভূগর্ভের মাঝারি গভীরতা থেকে উৎসারিত হওয়ায় কম্পনটি ছিল দীর্ঘস্থায়ী এবং বিস্তৃত এলাকায় অনুভূত।
বোগোতা ছাড়াও দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ শহর যেমন মেডেলিন, কালি ও মানিসালেসে শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
স্থানীয় সময় রাত হওয়ায় অধিকাংশ মানুষ ছিলেন বিশ্রামে। ভূমিকম্পে ঘুম ভেঙে আতঙ্কে অনেকেই ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন। রাজধানীজুড়ে বাজতে শুরু করে সতর্কতামূলক সাইরেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে ঘরের লাইট, পাখা ও আসবাবপত্র দুলে ওঠার দৃশ্য। যদিও এসব ভিডিওর সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।
বোগোতার বাসিন্দা কার্লোস আলবের্তো রুইজ জানান, “ভয় পেয়ে আমি, আমার স্ত্রী, ছেলে আর আমাদের পোষা কুকুর একসঙ্গে নিচে নেমে যাই। পুরো ভবন যেন দুলে উঠেছিল।”
আরেক বাসিন্দা ফ্রান্সিসকো গঞ্জালেজ বলেন, “এতটা শক্তিশালী ভূমিকম্প বহু বছর পর অনুভব করলাম। সবাই আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে এসেছে।”
খোলা স্থানে অনেককে রাতের পোশাকেই অবস্থান নিতে দেখা গেছে। শিশুদের শান্ত করতে ব্যস্ত ছিলেন অভিভাবকরা। কেউ কেউ পালিয়ে যাওয়া পোষা প্রাণীদের খুঁজছিলেন রাস্তায়।
তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে কর্তৃপক্ষ জানায়, পরিস্থিতি পর্যবেক্ষণে জরুরি টিম মাঠে রয়েছে। সম্ভাব্য ক্ষয়ক্ষতি ও অবকাঠামোগত দুর্বলতার বিষয়ে স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।
কলম্বিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর এক বিবৃতিতে জানায়, “আমরা জনগণকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। জরুরি নম্বর চালু রয়েছে এবং যেকোনো প্রয়োজনে সহায়তা দেওয়া হবে।”
কলম্বিয়া মূলত প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলের আওতাধীন হওয়ায় এখানে মাঝেমধ্যে ভূমিকম্প অনুভূত হয়। তবে বোগোতায় এমন উচ্চমাত্রার ভূমিকম্প খুব ঘন ঘন ঘটে না, ফলে নাগরিকদের মধ্যে আতঙ্ক বেশি ছিল।
বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পটি আরও বড় ধ্বংস ডেকে আনতে পারত যদি এর উৎপত্তি ছিল আরও অগভীর বা ঘনবসতিপূর্ণ অঞ্চলের নিচে। “ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে হবে,” বলছেন স্থানীয় ভূতাত্ত্বিকরা।

 


এ জাতীয় আরো খবর