চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকায় পদ্মার শাখা পাগলা নদীতে সনাতন ধর্মাবলম্বীদের ‘দশহারা গঙ্গাস্নান’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৫ জুন) দিনব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম এই ধর্মীয় অনুষ্ঠান ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় গোটা এলাকাজুড়ে। ঢল নামে বিভিন্ন বয়সী নারী-পুরুষ এবং শিশুসহ ভক্তদের। পুরো এলাকা সনাতন সম্প্রদায়ের মিলনমেলায় পরিণত হয়। ধর্মীয় এই অনুষ্ঠান ঘিরে কানসাট রাজবাড়ী মাঠে বসেছে মেলা।
প্রতিবছর তিথি অনুযায়ী জ্যৈষ্ঠ বা আষাঢ় মাসে এ গঙ্গাস্নান হয়ে থাকে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই শুরু হয় স্নান ও পূজা-অর্চনা। চলে সন্ধ্যা পর্যন্ত। ধর্মীয় এ আচারে অংশ নিতে গত বুধবার (৪মে) থেকেই রাজশাহী, নওগাঁ,বগুড়া,জয়পুহোট, নাটোর,দিনাজপুর সহ দেশের বিভিন্ন জেলা এবং চাঁপাইনবাবঞ্জের বিভিন্ন প্রান্ত থেকে আসা শত শত পূণ্যার্থী স্নানে অংশগ্রহণ করেন পাপমোচন ও পূণ্যলাভের আশায়। স্নান শেষে তাঁরা প্রসাদ গ্রহণ করেন এবং ধর্মসভায় যোগ দেন। নদীর তীরে ও কানসাট রাজবাড়ি মাঠে অনুষ্ঠিত হয় নানা ধর্মীয় অনুষ্ঠান।
এদিকে মেলায় বসেছে প্রসাধনী,মনোহারি, কাঠের আসবাবপত্র, খেলনা, খাবার সহ হিন্দু দর্মীয় উপকরণ সহ বিভিন্ন সামগ্রীর দোকন। স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ জানান,শত শত বছর ধরে এ স্থানেই গঙ্গাস্নান ও ধর্মীয় অনুষ্ঠান এবং এসব ঘিরে মেলা অনুষ্ঠিত হয়ে আসছে।
গঙ্গাস্নান ও মেলাকে কেন্দ্র করে এলাকায় বিপুল জনসমাগম হলেও সকল অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ছিল তৎপর।
গঙ্গা আশ্রম কমিটির ভারপ্রাপ্ত সভাপতি রবীন্দ্রনাথ পাল বলেন, কথিত আছে পৌরানিক যুগে সাধক জাহ্নমুনি গঙ্গাতে আত্মবলিদান করেছিলেন। তরপর থেকে এখানে এই উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। গঙ্গা আশ্রম কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক প্রীতম কুমার সাহা জানান, এবারের আয়োজন নির্বিঘœভাবে সম্পন্ন করতে প্রশাসনের পাশাপাশি স্থানীয়দের সহযোগিতা ছিল উল্লেখযোগ্য।