ঢাকা, ২৮ মে ২০২৫
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয় নির্বাচনের সময়সূচি নিয়ে আর কোনো 'ধোঁয়াশা' চান না। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক বিশাল তারুণ্য সমাবেশে দলীয় নেতাকর্মী ও দেশের তরুণ ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, "ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে-এই সময়সীমা মেনে চলতে হবে।"
তারেক রহমানের এই বক্তব্য এসেছে এমন এক সময়, যখন দেশে নির্বাচনকালীন সরকারের রূপরেখা ও রাজনৈতিক সংস্কার নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে। অনেকেই মনে করছেন, এই বক্তব্য মূলত সরকার ও বিদেশি মিত্রদের প্রতি একটি স্পষ্ট বার্তা, যে "বিএনপি সময়ক্ষেপণের রাজনীতিতে অংশ নেবে না।"
তারেক রহমান বলেন, “নির্বাচনের আয়োজন নিয়ে এখন টালবাহানা শুরু হয়েছে। কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের অভিনব ঘূর্ণিতে জাতীয় নির্বাচনকে পিছিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে।” তিনি মনে করেন, এটি কেবল সময়ক্ষেপণ নয়, বরং এর পেছনে আছে একটি সুপরিকল্পিত রাজনৈতিক উদ্দেশ্য।
তিনি বলেন, “জনগণ এখন বিশ্বাস করতে শুরু করেছে-এই সংস্কারের আড়ালে রয়েছে অন্তর্বর্তী সরকারের অভ্যন্তরীণ ও বাহ্যিক অংশের ভিন্ন কোনো লক্ষ্য।”
তারেক রহমান সরাসরি বলেন, “রাষ্ট্র পরিচালনার দায়িত্ব কে পাবে, তা ঠিক করবে জনগণ-ভোটের মাধ্যমে। এজন্য আমাদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।”
তিনি বিএনপির নেতা-কর্মীদের আহ্বান জানান, তারা যেন তৃণমূলে গিয়ে জনগণের মন বুঝে, প্রত্যাশা বোঝে, ও তাদের আস্থা অর্জন করে। “কারণ, জনগণই বিএনপির সব রাজনৈতিক শক্তির উৎস,” তিনি বলেন।
বিএনপির এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনে করেন, এখন শুধু নির্বাচন আয়োজনই নয়, বরং একটি জবাবদিহিমূলক ও নির্বাচিত সরকার গঠনের জন্য পরিবেশ সৃষ্টি করাও জরুরি। তিনি বলেন, “কারও ইচ্ছায় নয়, জনগণের রায় বাস্তবায়নেই গঠিত হবে পরবর্তী সরকার।”
যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ আয়োজনে হওয়া এই সমাবেশে দলের কেন্দ্রীয় নেতারাও ছিলেন সরব। স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়সহ শীর্ষস্থানীয় নেতারা সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন-বিলম্বিত নির্বাচন কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
তারেক রহমান তার বক্তব্যে তরুণদের উদ্দেশে বলেন, “এই নির্বাচন শুধু রাজনৈতিক দলগুলোর জন্য নয়-এটি তরুণদের ভবিষ্যতের লড়াই। এখন সময় এসেছে, তারা তাদের ভোটের অধিকার চর্চা করে দেশ গঠনে সক্রিয় ভূমিকা নেবে।”
এই বক্তব্য বিশ্লেষকদের চোখে রাজনৈতিক কৌশলের অংশ-যেখানে তরুণদের সংগঠিত করে আগামী নির্বাচনে নতুন গতি আনার পরিকল্পনা করছে বিএনপি।
এই বার্তা শুধু রাজনৈতিক নয়, এটি একটি কৌশলগত রূপরেখাও। যেখানে তৃণমূল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত বিএনপি প্রস্তুতির ডাক দিচ্ছে। সরকারের সংস্কার প্রক্রিয়ার সময়সীমা নির্ধারণ করে দিয়ে তারা বলতে চাইছে-নির্বাচনের সময় নিয়ে আর কোনো টানাপোড়েন নয়। এবার সময় জনগণের রায়ের।