শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

শাকিরা যেন মঞ্চেই ‘নাচলেন’ পড়ে গিয়ে: মন্ট্রিলে পারফর্ম্যান্সে ভাইরাল মুহূর্ত

  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৫-০৫-২৭ ১৬:২৮:০৩
ছবি সংগৃহিত

মঞ্চে আলোর ঝলক, চারপাশে সুরের জাদু, সামনে হাজারো দর্শকের উচ্ছ্বাস-সব মিলিয়ে একটি পারফেক্ট পারফরম্যান্স মুহূর্ত। আর ঠিক এমন সময়েই ঘটে অপ্রত্যাশিত এক ঘটনা। ‘ওয়াকা ওয়াকা’ খ্যাত পপ তারকা শাকিরা হঠাৎ করেই পিছলে পড়েন মঞ্চে। কিন্তু অবাক করা বিষয় হলো, তিনি যেন তা-ও নিজের নাচের অংশে পরিণত করে ফেলেন।
এই ঘটনাটি ঘটে ২০ মে, কানাডার কুইবেকে অবস্থিত মন্ট্রিলের বেল সেন্টারে। সেদিন ছিল শাকিরার বহুল প্রতীক্ষিত লাইভ কনসার্ট ‘হিপস ডোন’t লাই’। পারফরম্যান্স চলাকালে তিনি জনপ্রিয় গান ‘হোয়েনএভার’–এ যখন তালে তালে নাচছেন, ঠিক তখনই অসাবধানতাবশত পিছলে গিয়ে মঞ্চে পড়ে যান।
এমন মুহূর্তে যে কেউ থমকে যেতে পারেন, কিন্তু শাকিরা তা করেননি। পড়ে যাওয়ার পরও হাসিমুখে মঞ্চে উঠে পারফরম্যান্স চালিয়ে যান তিনি, যেন কিছুই ঘটেনি। দর্শকরাও মুহূর্তটি বুঝে উঠতে পারেননি-এটি দুর্ঘটনা, না-কি পরিকল্পিত অংশ।
ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, আর সেই ভিডিও ঘিরেই তৈরি হয়েছে নেটিজেনদের একের পর এক প্রশংসাবাণী।
একজন টুইটার ব্যবহারকারী লেখেন, “এটাই তো প্রকৃত পারফর্মার! কী অসাধারণ দক্ষতায় সামলে নিলেন নিজেকে!”
আরেকজন মন্তব্য করেন, “শাকিরা বস, তিনি প্রমাণ করে দিয়েছেন কেন তিনি বিশ্বমঞ্চে একক নাম।”
কেউ কেউ তো মজার ছলেই বলেছেন, “এটাই শাকিরার নতুন ড্যান্স মুভ!”
এমন মুহূর্ত শো-এর গতিপথ বদলে দিতে পারত, দর্শকদের মনোযোগ সরিয়ে নিতে পারত পারফরম্যান্স থেকে। কিন্তু শাকিরা দেখিয়ে দিলেন, কীভাবে একজন শিল্পী অপ্রত্যাশিত পরিস্থিতিতেও নিজেকে ধরে রাখতে পারেন।
মঞ্চে পতনের এই ছোট্ট ঘটনা যেন আরও একবার মনে করিয়ে দিলো, শাকিরা শুধু নাচে-গানে নয়, নিজের আত্মনিয়ন্ত্রণ আর পেশাদারিত্বেও একজন আইকন।
‘পিপল’ ম্যাগাজিনের বরাতে জানা যায়, মঞ্চে পড়লেও শাকিরার কোনো শারীরিক আঘাতের খবর মেলেনি। বরং পুরো শো শেষ করে দর্শকদের ধন্যবাদ জানিয়ে বিদায় নেন তিনি।
একটি পতনকেও যদি কেউ অনায়াসে নিজের নৃত্যের অংশ বানিয়ে নিতে পারেন, তাহলে বলতেই হয়-সেই মানুষটি শুধু শিল্পী নন, তিনি নিজেই এক মহাকাব্য।


এ জাতীয় আরো খবর