মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের প্রতিবাদে কালকিনিতে মহাসড়ক অবরোধ, শিক্ষার্থীদের হুঁশিয়ারি

  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৫-০৫-২৭ ১৫:৪৪:১৬
ছবি সংগৃহিত

চলতি বছরের এইচএসসি পরীক্ষার কেন্দ্র অন্য উপজেলায় স্থানান্তরের সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়েছেন মাদারীপুরের কালকিনি উপজেলার শিক্ষার্থীরা। এর প্রতিবাদে তারা মঙ্গলবার (২৭ মে) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের ভূরঘাটা বাসস্ট্যান্ড এলাকায় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পরিবহন শ্রমিকরা।
কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীসহ এইচএসসি পরীক্ষার্থীরা রাস্তায় নেমে ক্ষোভ প্রকাশ করেন। তারা জানান, পরীক্ষাকেন্দ্র নিজেদের উপজেলার বাইরে নির্ধারণ করায় তাদের ভোগান্তি ও নিরাপত্তা-সংকট তৈরি হয়েছে। শিক্ষার্থীদের দাবি, “কেন্দ্র যদি আমাদের উপজেলাতেই না থাকে, তবে পথঘাটে ঝুঁকি নিয়ে কীভাবে পরীক্ষা দেব?”
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা দাবি তোলেন, তাদের নিজ উপজেলায় পরীক্ষাকেন্দ্র না রাখা হলে, আরও বড় আন্দোলনে যাবেন। এক শিক্ষার্থী বলেন, “আমরা পড়াশোনা করে ভালোভাবে পরীক্ষা দিতে চাই। অথচ কেন্দ্র দূরে হলে আমাদের মানসিক চাপ ও শারীরিক কষ্ট দুই-ই বাড়বে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”
আরেকজন বলেন, “আমাদের অভিভাবকরাও দুশ্চিন্তায়। বিশেষ করে মেয়েদের নিরাপত্তা নিয়ে। দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন না হলে আমরা পরবর্তী ধাপে আরও কঠোর কর্মসূচিতে যাব।”
অবরোধের খবর পেয়ে কালকিনি উপজেলা প্রশাসনের একটি দল ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার দাশ বলেন, “শিক্ষার্থীদের দাবি বিবেচনা করে আমরা বিষয়টি জেলা প্রশাসন ও বোর্ড কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেব। দ্রুত সমাধানের জন্য আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি।”
যদিও সড়ক অবরোধে একাধিক যাত্রী ও পরিবহন চালক ভোগান্তিতে পড়েন, তবুও অনেকেই শিক্ষার্থীদের দাবিকে যৌক্তিক বলে সমর্থন জানিয়েছেন। স্থানীয় এক দোকানদার বলেন, “বাচ্চারা তো দূরের কেন্দ্রে গেলে নানা ঝুঁকিতে পড়বে। প্রশাসনের উচিত দ্রুত এ নিয়ে একটা সিদ্ধান্ত নেওয়া।”
শিক্ষার্থীরা স্পষ্ট করে জানিয়েছেন-তাদের দাবি না মানা হলে আন্দোলনের পরিধি আরও বিস্তৃত হবে। শিক্ষা প্রশাসনের নিকট থেকে দ্রুত ও কার্যকর সিদ্ধান্ত প্রত্যাশা করছে পুরো কালকিনি।

 


এ জাতীয় আরো খবর