ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়েছে।
মঙ্গলবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও জনসংযোগ শাখার উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সাম্য হত্যা মামলার তদন্তে অগ্রগতি হয়েছে এবং হত্যার পেছনের মূল কারণ ও পরিকল্পনা উদ্ঘাটন করেছে ডিবি।
ঘটনার বিস্তারিত তথ্য তুলে ধরতে মঙ্গলবার বিকেল ৪টা ৪৫ মিনিটে ডিএমপি মিডিয়া সেন্টারে একটি জরুরি প্রেস ব্রিফিং করবেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
গত ১৩ মে রাতে সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে গুরুতর আহত হন শাহরিয়ার আলম সাম্য। রাত ১২টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে আসে।
সাম্য শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন এবং এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেন। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায়।
ঘটনার পরদিন, ১৪ মে, সাম্যের বড় ভাই শরীফুল ইসলাম শাহবাগ থানায় অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
গ্রেপ্তার হওয়া আটজনের পরিচয় ও তাদের সঙ্গে সাম্যের বিরোধ বা সম্পর্ক কী ছিল, তা আজকের প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।