শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

আদালতে হাজিরা দিয়ে অসুস্থ পরীমনি,জেরা পেছালেন বিচারক

  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৫-০৫-২৭ ০১:০৪:২৫
ছবি সংগৃহিত

চিত্রনায়িকা পরীমনি সোমবার (২৬ মে) ঢাকার একটি আদালতে হাজির হলেও অসুস্থতার কারণে তার সাক্ষ্য-জেরা সম্ভব হয়নি। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এ ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে করা মারধর ও ধর্ষণচেষ্টা মামলায় সাক্ষ্যগ্রহণের ধারাবাহিকতায় আজ তাকে জেরা করার কথা ছিল।
সকাল ১০টার দিকে তিনি আদালতে উপস্থিত হলেও বিচারক ব্যস্ত থাকায় জেরা স্থগিত করে সময় নির্ধারণ করা হয় দুপুর ৩টায়। কিন্তু আদালত চত্বরে অপেক্ষারত অবস্থায় অতিরিক্ত গরমে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন পরীমনি। পরে তার আইনজীবী অ্যাডভোকেট নীলাঞ্জনা রিফাত সুরভী বিচারকের কাছে সময় চেয়ে আবেদন করেন, যা আদালত মঞ্জুর করেন।
বিকেল পর্যন্ত তিনি আদালতের পার্কিংয়ে নিজের গাড়িতে অবস্থান করছিলেন। আদালত থেকে অনুমতি পাওয়ার পর অসুস্থতা বিবেচনায় আদালত ত্যাগ করেন তিনি। ফলে জেরা আর অনুষ্ঠিত হয়নি এবং বিচারক নতুন তারিখ নির্ধারণ করেছেন।
আদালতে প্রবেশের সময় পরীমনিকে একজন পুরুষের সঙ্গে গল্প করতে দেখা যায়। উপস্থিত গণমাধ্যমকর্মীদের উদ্দেশে তিনি মজা করে বলেন, “কার হাত ধরে আদালতে এলেন পরীমনি?” -যা মুহূর্তেই সামাজিক মাধ্যমে আলোচনার খোরাক হয়ে ওঠে।
২০২১ সালের ৮ জুন সাভারের বিরুলিয়ায় তুরাগ তীরবর্তী বোট ক্লাবে হেনস্তার অভিযোগে তীব্র আলোচনায় আসেন পরীমনি। এরপর ১৪ জুন তিনি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদসহ চারজনের বিরুদ্ধে সাভার থানায় মামলা দায়ের করেন। মামলার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী নাসির ও তার ঘনিষ্ঠ সহযোগী তুহিন সিদ্দিকী অমিকে গ্রেফতার করে।
পরবর্তীতে সাভার মডেল থানার তদন্ত কর্মকর্তা সাত সেপ্টেম্বর তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। অভিযুক্তরা হলেন-নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমি এবং শহীদুল আলম।
২০২২ সালে মামলার বিচারিক কার্যক্রম শুরু হলে পরীমনির জবানবন্দি রেকর্ড করে আদালত। বর্তমানে মামলাটি সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।
আজকের শুনানিতে সাক্ষী পরীমনির অসুস্থতার কারণে জেরা অনুষ্ঠিত না হওয়ায় বিচারক পরবর্তী দিন নির্ধারণ করেন, যার তারিখ শিগগিরই আদালত থেকে জানানো হবে।

 


এ জাতীয় আরো খবর