কাপ্তাই শহরের স্কুলবেলায় ছুটিতে আমি হয় দাদার বাড়ি - নয়তো নানার বাড়ি। নানার বাড়িতে যেতাম প্রায় একা। বড়ো নানা হাজি মন্সব আলীর স্টিমারে তুলে দিলেই হলো। নানার বাড়ির ঘাটে থাকতেন ছোট মামা। ব্যস পৌঁছে যেতাম।
দাদার বাড়ি যেতে অনেক ঝক্কি। স্টিমারে কোন এক খালের কাছাকাছি। ওখান থেকে নৌকা বা সাম্পানে দাদার বাড়ির ঘাটে। সঙ্গী আমার একমাত্র চাচা যিনি আমাদের ছোট বাবা।
সেবারে তখন সময় প্রায় বিকেল- স্টিমার থেকে নেমে সাম্পানে- হঠাৎ নদীতে ভাটা। সাম্পান আর যাবে না। অগত্যা শুরু হলো হাঁটা। আমার বয়স আট বা নয়। ছোট বাবার হাত ধরে হাঁটতে হাঁটতে শুনছি গল্প। একসময় গল্পও ফুরিয়ে যায়,পথ শেষ হয় না।যখন দাদার বাড়ির কাছাকাছি তখন চারপাশ শুনশান - কানে আসছে ঝিঁঝি পোকার ডাক। ছোট বাবার মা ডাক শুনেই দাদী দরজা খুলে দাঁড়ালেন। আহা! আমার দাদী! ভাত খাওয়ার পরে ঘুম না আসা পর্যন্ত পা টিপে দিলেন।
দাদা ছিলেন সারেং - প্রায় সারা বছর বাইরে। দাদী আর একমাত্র ফুফু গ্রামের বাড়িতে।তবে বাবার সাথে বছরের প্রায় অর্ধেক সময় কাপ্তাই শহরে - পরে চট্টগ্রামের পিডিবি কলোনিতে।গ্রামের বাড়িতে যেমন ওনার হাতে বানানো পিঠা - শহরে এলেও কখন যে রাতে চাউল ভিজিয়ে রাখতেন -আর ভোররাতে উঠে পিঠে বানানো- সকালে নাস্তার টেবিলে গরম গরম পিঠে- আমার অতি শান্ত মা চুপ থাকলেও বাবা বকা দিতেন বটে কিন্তু মজা করে খেতেনও।দাদী শুধু বলতেন -" আমি মারা গেলে কে খাওয়াবে?"
ঈদে আমরা গ্রামের বাড়িতে- ঈদের দিন বাবা আমাকে দাদীর জন্য কেনা নতুন শাড়ি দিয়ে বলতেন -" তোর দাদীকে পরিয়ে দে।" শুধু কি পরিয়ে! আমার পরমা সুন্দরী দাদীর চোখে সুরমা- চুলের পরিপাটি সাজ আর পানে রাঙানো ঠোঁট। দাদীর লাজুক হাসি! কি যে সুন্দর লাগতো।
দাদী ও নানী- দু'জনের সাথে ছিল গভীর বন্ধুত্ব। আমার পরান সখা! যখন কিশোরী - তখন গ্রামে গেলে নির্জন দুপুরে দাদী ও আমি পুকুরে গোসলে। দাদীর হলুদাভ রঙ যেন স্বচ্ছ পানিতে ঝিকমিক করতো।গভীর মুগ্ধতায় বলতাম -" দাদী! কি সুন্দর তুমি"।
একটা দৃশ্য মনের এ্যালবামে সযত্নে এখনো রেখে দিয়েছি।
এক সকালে দাদীকে নিয়ে বাবা গ্রামের বাড়িতে যাচ্ছেন। সময়টা সকাল।জামাল খাঁন পিডিবি কলোনির
মাঠে। পিক-আপের ড্রাইভিং সীটে বাবা- দরজার পাশে ছোট বাবা। মাঝখানে দাদী। ইউরোপীয় সৌন্দর্যে বাবা- আরবের সৌন্দর্যে ছোট বাবা আার ইরানি দাদী!
আহা! সময় বহিয়া যায়- জীবন ফুরিয়ে যায়- শুধু মধুর স্মৃতি জেগে থাকে- ক্ষণে ক্ষণে কাঁদায়।।।