শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

১১তম গ্রেডের দাবিতে পূর্ণদিবস কর্মবিরতিতে প্রাথমিক শিক্ষকরা

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৫-০৫-২৫ ১৫:৩৮:২৫
ছবি সংগৃহিত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বেতন বৈষম্য ও পদোন্নতির জটিলতা দূর করার দাবিতে এবার পূর্ণ দিবস কর্মবিরতির পথে হাঁটছেন। সোমবার (২৬ মে) থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শ্রেণিকক্ষে ফিরে না যাওয়ার ঘোষণা দিয়েছেন।
এর আগে গত তিন সপ্তাহ ধরে ধাপে ধাপে এক ঘণ্টা, দুই ঘণ্টা এবং অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন শিক্ষকরা। আজ রোববার (২৫ মে) শেষ হলো তাদের পূর্বঘোষিত অর্ধদিবস কর্মবিরতির কর্মসূচি।
আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ। সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বলেন, “দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছি, কিন্তু কোনো কার্যকর অগ্রগতি হয়নি। তাই আগামীকাল (২৬ মে) থেকে পূর্ণদিবস কর্মবিরতি শুরু হবে। দাবি না মানা পর্যন্ত তা চলবে।”
শিক্ষক সমাজের তিন প্রধান দাবি:
১. সহকারী শিক্ষক পদকে সরকারি চাকরির এন্ট্রি পদ হিসেবে স্বীকৃতি দিয়ে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ।
২. ১০ এবং ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তিতে জটিলতা দূর করা।
৩. প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতির নিশ্চয়তা ও দ্রুত পদোন্নতি বাস্তবায়ন।

অতিরিক্ত দাবি:
শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি পুনর্বহাল রাখা
প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুধুমাত্র সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সীমাবদ্ধ রাখা

শিক্ষকদের এই কর্মসূচির ফলে দেশের লক্ষাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম কার্যত বন্ধ হয়ে পড়বে। এর প্রভাব সরাসরি পড়বে কোটি শিক্ষার্থীর ওপর। অভিভাবকরাও পড়েছেন উদ্বেগে।
শিক্ষক নেতারা জানিয়েছেন, বারবার দাবি জানানো হলেও শিক্ষা মন্ত্রণালয় কিংবা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সন্তোষজনক প্রতিক্রিয়া মেলেনি। তাই তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।


এ জাতীয় আরো খবর