বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬

প্রাথমিক শিক্ষায় মানোন্নয়নে ‘জেলা বিশেষজ্ঞ পুল’: শিক্ষাপ্রশিক্ষণে যোগ হচ্ছে নতুন মাত্রা

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৫-০৫-২২ ১৬:২২:০৩

দেশব্যাপী প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে নতুন এক উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। এবার জেলা পর্যায়ে গঠন করা হচ্ছে ‘বিশেষজ্ঞ পুল’, যেখানে অভিজ্ঞ ও যোগ্য ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে শিক্ষকদের মানসম্পন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন এই উদ্যোগকে দেশের প্রাথমিক শিক্ষাব্যবস্থায় ‘স্ট্র্যাটেজিক শিফট’ হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।
নতুন এই কাঠামো অনুযায়ী, দেশের প্রতিটি জেলায় একটি বিশেষজ্ঞ তালিকা প্রস্তুত করা হবে। এতে সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রের আগ্রহী এবং যোগ্য ব্যক্তি আবেদন করতে পারবেন। মূল লক্ষ্য হলো-জেলা পর্যায়ে শিক্ষক প্রশিক্ষণে কারিগরি সহায়তা ও নীতিগত দিকনির্দেশনা প্রদান।
বিশেষজ্ঞ পুলে অন্তর্ভুক্ত হতে হলে প্রার্থীদের অবশ্যই:
যেকোনো বিষয়ে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।
প্রাথমিক শিক্ষা, সরকারি প্রশাসনিক কাজ, বাজেট ব্যবস্থাপনা কিংবা সরকারি ক্রয়বিধি-এর অন্তত একটি ক্ষেত্রে বিশেষজ্ঞ অভিজ্ঞতা থাকতে হবে।
বেসরকারি প্রার্থীদের জন্য বিশেষ শর্ত হিসেবে থাকতে হবে-
স্বীকৃত পত্রিকায় প্রবন্ধ/গবেষণা প্রকাশের প্রমাণ।
আগ্রহীরা আবেদনপত্র জমা দিতে পারবেন নিজ নিজ জেলার প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে। শেষ সময় ৩০ জুন, ২০২৫। একবার নির্বাচিত হলে তিন বছরের মেয়াদে দায়িত্ব পালন করবেন পুলভুক্ত বিশেষজ্ঞরা।
সরকারি বিশেষজ্ঞরা পাবেন নির্ধারিত সরকারি হার অনুযায়ী সম্মানী।
বেসরকারি বিশেষজ্ঞদের প্রতি সেশনেই সম্মানী নির্ধারণ করা হয়েছে ২,৫০০ টাকা।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় মনে করছে, এই বিশেষজ্ঞ পুল গঠনের ফলে-
জেলা পর্যায়ে অভিজ্ঞতার ভিত্তিতে প্রশিক্ষণ নিশ্চিত হবে।
এককেন্দ্রিক প্রশিক্ষণ মডেল থেকে বেরিয়ে অঞ্চলভিত্তিক চাহিদা অনুসারে প্রশিক্ষণ পরিকল্পনা করা যাবে।
শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি পাবে এবং দীর্ঘমেয়াদে শিক্ষার গুণগত মানে ইতিবাচক প্রভাব পড়বে।
বিশ্লেষকদের মতে, বাংলাদেশের প্রাথমিক শিক্ষাব্যবস্থায় বহুদিন ধরেই নিম্নমানের প্রশিক্ষণ, ঘাটতি ও সমন্বয়ের অভাব ছিল বড় বাধা। এই ‘জেলা বিশেষজ্ঞ পুল’ উদ্যোগটিকে তাঁরা দেখছেন একটি কাঠামোগত উদ্ভাবন হিসেবে। এটি প্রয়োগে বাস্তব দক্ষতা, প্রশাসনিক স্বচ্ছতা এবং স্থানীয় পর্যায়ে দায়িত্বপ্রাপ্তদের সক্রিয়তা নির্ভর করবে সফলতা।
এই ‘জেলা বিশেষজ্ঞ পুল’ বাস্তবায়ন হলে প্রাথমিক শিক্ষা খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলায় এটি হতে পারে একটি যুগান্তকারী পদক্ষেপ-যেখানে সিদ্ধান্ত কেবল কেন্দ্র থেকে নিচে নয়, নিচ থেকেও উপরে যেতে পারবে বাস্তবিক দৃষ্টিভঙ্গি।

 


এ জাতীয় আরো খবর