মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

‘যুদ্ধ নয়, সংলাপই সমাধান’: আবারও ভারতের প্রতি আহ্বান পাকিস্তান প্রধানমন্ত্রীর

  • নিজস্ব প্রতিবেদক,
  • ২০২৫-০৫-১৮ ০১:১৩:২১
ছবি সংগৃহিত

ইসলামাবাদ
দুই পরমাণু শক্তিধর প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পটভূমিতে আবারও ভারতকে পূর্ণাঙ্গ ও ফলপ্রসূ সংলাপে বসার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ইসলামাবাদে আয়োজিত 'ইয়াওমে-তাশাক্কুর' বা ‘শোকরিয়ার দিবস’ উপলক্ষে শুক্রবার দেয়া এক বক্তব্যে তিনি বলেন, “যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমেই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব।”
তিনি বলেন, “আমরা অতীতে তিনটি যুদ্ধ করেছি, কিন্তু এতে কেউ কিছু পায়নি। শুধু হতাহত আর ক্ষয়ক্ষতির ইতিহাস লিখেছে উপমহাদেশ। এখন সময় এসেছে যুক্তি, বিবেচনা ও শান্তিপূর্ণ আলোচনার পথে হাঁটার।”
বক্তব্যে কাশ্মীর সংকট ও পানিবণ্টন ইস্যুতে ভারতের সঙ্গে আলোচনার প্রয়োজনীয়তা তুলে ধরেন প্রধানমন্ত্রী শরীফ। তিনি বলেন, “এই দুই ইস্যু যদি আলোচনার মাধ্যমে সমাধান করা যায়, তবে পাকিস্তান-ভারত সম্পর্কের নতুন দিগন্ত খুলে যেতে পারে, যেখানে বাণিজ্য ও সন্ত্রাসবাদবিরোধী কার্যক্রমে যৌথ পদক্ষেপ সম্ভব হবে।”
সন্ত্রাসবাদের বিরুদ্ধে দীর্ঘ যুদ্ধের কথা উল্লেখ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী জানান, “পাকিস্তান হচ্ছে সন্ত্রাসবাদের সবচেয়ে বড় ভুক্তভোগী দেশ। এ যুদ্ধে আমরা ৯০ হাজার প্রাণ হারিয়েছি এবং ১৫০ বিলিয়ন ডলারেরও বেশি ক্ষতির সম্মুখীন হয়েছি।”
তিনি দাবি করেন, পাকিস্তানের জনগণ ও সশস্ত্র বাহিনী চরম আত্মত্যাগের মাধ্যমে দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ থেকেছে।
প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানান, ৬ মে রাতে ভারতের পক্ষ থেকে পাকিস্তানের তিনটি বিমানঘাঁটিতে হামলা চালানো হয়। পরবর্তী সময়ে তিনি সামরিক বাহিনীর প্রধানদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন এবং পাল্টা জবাবের নির্দেশ দেন।
তিনি দাবি করেন, পাকিস্তান বিমানবাহিনী পাঠানকোট ও উধমপুরসহ একাধিক ভারতীয় ঘাঁটিতে সফলভাবে হামলা চালায়। এতে ছয়টি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংস হয়, যার মধ্যে তিনটি ছিল অত্যাধুনিক রাফাল জেট।
“আমাদের প্রযুক্তি, প্রস্তুতি ও সাহসিকতা গোটা বিশ্বকে চমকে দিয়েছে,” বলেন তিনি।
শেহবাজ শরীফ বলেন, “ভারত ও পাকিস্তান উভয়ই পারমাণবিক শক্তিধর দেশ। আমাদের কোনো দায়িত্বহীন পদক্ষেপ পুরো দক্ষিণ এশিয়ার জন্য মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে। যদি পারমাণবিক সংঘাত শুরু হয়, তবে উপমহাদেশে আর কেউ বেঁচে থাকবে না ইতিহাস লেখার জন্য।”
তিনি এই বাস্তবতা সামনে রেখে সংলাপের গুরুত্ব তুলে ধরেন এবং উভয় পক্ষকে দায়িত্বশীল আচরণের প্রতি আহ্বান জানান।
‘ইয়াওমে-তাশাক্কুর’ উপলক্ষে ইসলামাবাদে শুরু হয় দিনব্যাপী রাষ্ট্রীয় আয়োজন। ফজরের নামাজের পর ৩১ বার তোপধ্বনির মাধ্যমে সূচনা হয় দিনটির। এরপর জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ, র‍্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আহত সৈনিকদের খোঁজ নেওয়া হয়।
প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ও সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে সঙ্গে নিয়ে রাওয়ালপিন্ডির সামরিক হাসপাতালে আহতদের দেখতে যান এবং শহীদ স্কোয়াড্রন লিডার উসমান ইউসুফের বাড়িতে গিয়ে তার পরিবারের প্রতি সমবেদনা জানান।
প্রধানমন্ত্রী পাকিস্তানের সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর পেশাদারিত্ব ও সাহসিকতার প্রশংসা করেন। তিনি বলেন, “আমাদের বাহিনী শুধু সীমান্তে নয়, সন্ত্রাসবাদ মোকাবিলাতেও দীর্ঘদিন ধরে সম্মুখসারিতে থেকে জাতীয় নিরাপত্তা রক্ষা করে চলেছে।”
ইসলামাবাদের পাকিস্তান মনুমেন্টে আয়োজিত মূল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়েন্ট চিফস অব স্টাফ চেয়ারম্যান জেনারেল শাহির মির্জা, সেনাপ্রধান জেনারেল আসিম মুনির, বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল জহির আহমেদ বাবর, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফসহ মন্ত্রীপরিষদের সদস্য, কূটনীতিক ও শহীদ পরিবারের সদস্যরা।
বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক উত্তেজনার পর এমন সময়ে শান্তিপূর্ণ সংলাপের আহ্বান একদিকে যেমন ইতিবাচক বার্তা বহন করে, অন্যদিকে এটি বাস্তবায়নের ক্ষেত্রে উভয়পক্ষের রাজনৈতিক সদিচ্ছা ও পারস্পরিক আস্থার প্রয়োজন।
‘যুদ্ধ নয়, শান্তি ও সংলাপই উপমহাদেশের জনগণের প্রকৃত চাওয়া।’-এই বার্তাই হয়তো ইতিহাসে টিকে থাকবে, যদি বর্তমান নেতারা তা হৃদয় দিয়ে বুঝতে পারেন।

 


এ জাতীয় আরো খবর