বুধবার, আগস্ট ১৯, ২০২৬

এমপিওভুক্ত শিক্ষকদের বেতন না ছাড়লে রোববার মাউশি ঘেরাও

  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৫-০৫-১৭ ১৪:৩৩:১৭
ফাইল ছবি

ঢাকা | ১৭ মে ২০২৫
এপ্রিল মাসের বেতন এখনো না পাওয়ায় ক্ষোভে ফুঁসছেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীরা। আজ শনিবার (১৭ মে) পর্যন্ত বেতন ছাড় না হলে আগামীকাল রোববার (১৮ মে) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন তারা।
শনিবার সকালে প্রেসক্লাবের সামনে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ব্যানারে আয়োজিত অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেওয়া হয়।
নোয়াখালীর এক শিক্ষক কর্মসূচিতে বলেন, “মে মাস অর্ধেক পার হলেও এপ্রিলের বেতনের প্রস্তাব এখনো মন্ত্রণালয়ে পাঠানো হয়নি। সামনে ঈদ, তাই মে মাসের বেতন সময়মতো পাওয়া নিয়ে শঙ্কা আছে। এভাবে চলতে পারে না।”
তিনি ইএফটি (ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার) পদ্ধতির জটিলতা ও হয়রানির অভিযোগ তুলে বলেন,
“ইএফটির নামে অনিয়ম ও দেরি বন্ধ করতে হবে। আজকের মধ্যে বেতন না ছাড়লে আগামীকাল মাউশি ভবন ঘেরাও করব।”
বর্তমানে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন সরকারি কোষাগার থেকে ইএফটি পদ্ধতিতে দেওয়া হচ্ছে। তবে এখনও অনেকেই ‘অ্যানালগ’ ব্যাংকিং পদ্ধতির ভোগান্তি থেকে মুক্ত নন। ফলে বেতন তুলতে গিয়ে সময়, কাগজপত্র ও ব্যাংক জটিলতায় ভুগছেন শিক্ষকরা।
গত বছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষা মন্ত্রণালয় ঘোষণা দেয়, এমপিওভুক্তদের বেতন-ভাতা ইএফটির মাধ্যমে দেওয়া হবে।
প্রথমে পরীক্ষামূলকভাবে ২০৯ জন শিক্ষককে এই পদ্ধতিতে বেতন দেওয়া হয়। পরে ধাপে ধাপে প্রায় তিন লাখ শিক্ষক-কর্মচারী ইএফটির আওতায় আসেন।
ইতিমধ্যে অনেক শিক্ষক ফেব্রুয়ারি ও মার্চ মাসের বেতন পেয়েছেন। তবে এপ্রিলের বেতন এখনো কারো ছাড় হয়নি, এমনকি এ সম্পর্কিত প্রস্তাবও মন্ত্রণালয়ে যায়নি বলে অভিযোগ রয়েছে।
শিক্ষকদের দাবি, নিয়মিত বেতন ছাড় না হওয়ায় তারা মানসিক ও অর্থনৈতিক চাপের মুখে পড়ছেন, বিশেষ করে ঈদের আগে এমন পরিস্থিতি তাদের আরও বিপদে ফেলেছে।
আজকের মধ্যে বেতন না ছাড়লে রোববার মাউশি ঘেরাওয়ের হুমকি
এপ্রিলের বেতন প্রস্তাব মন্ত্রণালয়ে এখনো যায়নি
ইএফটি পদ্ধতিতে দীর্ঘসূত্রতায় ক্ষুব্ধ শিক্ষকরা
ঈদের আগে বেতন না পেলে আরও কর্মসূচির ঘোষণা আসতে পারে

এই পরিস্থিতির দ্রুত সমাধানে শিক্ষকরা শিক্ষা মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করছেন।

 


এ জাতীয় আরো খবর