তুরস্কে আয়োজিত রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা ঘিরে যখন আশা-নিরাশার দোলাচল চলছে, তখন হোয়াইট হাউস থেকে এলো আরেকটি ধাক্কা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, তিনি এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরাসরি আলোচনায় না বসা পর্যন্ত “উল্লেখযোগ্য কোনো অগ্রগতি সম্ভব নয়”।
বৃহস্পতিবার এয়ার ফোর্স ওয়ান-এ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “দেখুন, পুতিন আর আমি একসাথে না হওয়া পর্যন্ত কিছুই হবে না। এবং স্পষ্টতই, তিনি (পুতিন) যাচ্ছেন না। কারণ, তিনি ভেবেছিলেন আমি যাচ্ছি।”
তুরস্কের ইস্তাম্বুলে আলোচনার মঞ্চ প্রস্তুত হলেও রাশিয়া ও ইউক্রেনের দুই প্রেসিডেন্টের কেউই উপস্থিত ছিলেন না। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সাফ জানিয়ে দিয়েছেন, পুতিন না এলে তিনিও যাবেন না। একই সঙ্গে পুতিন পাঠিয়েছেন কেবলমাত্র সহকারী ও উপমন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
এই প্রেক্ষাপটে ট্রাম্পের মন্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তিনি বলেন, “চাইতে পারেন বা না পারেন, সত্য হলো, যতক্ষণ না পুতিন এবং আমি মুখোমুখি বসি, ততক্ষণ কিছুই ঘটবে না। কিন্তু এটা আমাদের সমাধান করতেই হবে-কারণ মানুষ মরছে।”
বিশ্লেষকদের মতে, ইস্তাম্বুলে শান্তি আলোচনার আয়োজন ছিল প্রতীকী, কিন্তু নেতৃত্বের শূন্যতা এটিকে প্রায় গুরুত্বহীন করে ফেলেছে। রাশিয়া থেকে পুতিন না যাওয়ায় জেলেনস্কি ক্ষুব্ধ হয়ে আলোচনায় যোগ না দেওয়ার সিদ্ধান্ত নেন। তার পরিবর্তে একটি প্রতিনিধি দল পাঠানো হয়েছে।
এদিকে পুতিনের প্রতিনিধি দল যে নিম্নপর্যায়ের, তা নিয়েও প্রশ্ন তুলেছেন কূটনীতিকরা। এমন পরিস্থিতিতে ট্রাম্পের বক্তব্য পরোক্ষভাবে এই দাবি মজবুত করছে যে, যুক্তরাষ্ট্র ছাড়া রাশিয়া-ইউক্রেন বিরোধের কোনো স্থায়ী সমাধান আসবে না।
আন্তর্জাতিক বিশ্লেষকেরা বলছেন, ট্রাম্প এখন নিজেকে শান্তিপ্রক্রিয়ার অপরিহার্য অংশ হিসেবে তুলে ধরতে চাইছেন। তার বক্তব্যে একদিকে যেমন রাশিয়ার সঙ্গে তার প্রাক্তন ঘনিষ্ঠ সম্পর্কের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, অন্যদিকে তিনি কূটনৈতিক মঞ্চে নিজের প্রয়োজনীয়তা প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন।
একজন ইউরোপীয় বিশেষজ্ঞ মন্তব্য করেছেন, “ট্রাম্প কার্যত পুতিনের সঙ্গে আলোচনার আগে অন্য সব চ্যানেলকে অকার্যকর ঘোষণা করে দিলেন। এতে করে ইস্তাম্বুলের আলোচনা কার্যত নিষ্প্রভ হয়ে গেল।”
তুরস্কে আলোচনার মধ্যেই ট্রাম্পের হুশিয়ারি: “পুতিন ও আমি না বসা পর্যন্ত শান্তি হবে না।”
পুতিনের প্রতিনিধি দল নিয়ে হতাশ জেলেনস্কি, আলোচনা বর্জন।
আলোচনার চেয়ে নেতৃত্বহীনতা এবং ব্যক্তিগত রাজনীতিই হয়ে উঠছে মুখ্য।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের নিষ্পত্তিতে যুক্তরাষ্ট্রের ভূমিকার অনিবার্যতা ফের সামনে এলো।