সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

শুভ জন্মদিন হাবিবুল আলম বীরপ্রতীক

  • মেসবা খান
  • ২০২৫-০৫-১৫ ১৯:৩৯:১৭

হাবিবুল আলম বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা। স্বাধীনতা যুদ্ধে তাঁর সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার তাঁকে বীরপ্রতীক খেতাবে ভূষিত করেছে। 
জন্ম ১৫ মে ১৯৫০ সালে নড়াইলের কালিয়া উপজেলার পিরোলি গ্রামে। তাঁর পিতার নাম হাফিজুল আলম। মা ফাতেমা বেগম। তাঁর পিতা নিজেও মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। 
             মুক্তিযুদ্ধে অবদান
হাবিবুল আলম ১৯৭১ এর এপ্রিলে গোপনে বাড়ি ত্যাগ করে ২ নং সেক্টরের হেডকোয়ার্টার মতিনগরে যান। সেখান থেকে প্রশিক্ষণ নিয়ে তিনি মে মাসে ঢাকায় ফিরে আসেন এবং আগস্ট পর্যন্ত অবস্থান করেন। 
১৯৭১ সালে মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনীর ক্র্যাক প্লাটুনের অকুতোভয় ও দুর্ধর্ষ সদস্যরা ঢাকায় একের পর এক অপারেশন করেন। এসব অপারেশনে তখন পাকিস্তান সরকারের ভিত্তি কেঁপে উঠেছিল। এই ক্র্যাক প্লাটুনের একজন সদস্য ছিলেন হাবিবুল আলম। তিনি ঢাকায় বেশ কয়েকটি অপারেশনে অংশ নেন। এই অপারেশনগুলোর মধ্যে ছিলো 'অপারেশন পেট্রোল পাম্প', 'অপারেশন ফাইভ পাওয়ার সাব স্টেশনস' এবং 'অপারেশন ফার্মগেট চেক পয়েন্ট'। 
      মুক্তিযুদ্ধে পারিবারিক অবদান
হাবিবুল আলমের পিতা হাফিজুল আলমও মুক্তিযোদ্ধাদের সক্রিয় সহযোগিতা করতেন। তাঁর ১/৩ এর দিলু রোডের বাড়িটি ছিলো মুক্তিযোদ্ধাদের একটি নিরাপদ আশ্রয়স্থল। এ বাড়িতে হাফিজুল আলম একটি ভূগর্ভস্থ অস্ত্রাগার নির্মাণ করিয়েছিলেন।
জুনের শুরুর দিকে 'অপারেশন হোটেল ইন্টারকন্টিনেন্টাল' এর পর হাফিজুল আলম নিজেই মুক্তিযোদ্ধাদের তাঁর হেরাল্ড ট্রায়াম্ফ গাড়িতে করে ঢাকা থেকে নারায়ণগঞ্জ নিয়ে গিয়েছিলেন।
বীরপ্রতীক হাবিবুল আলমের তিন বোন আসমা, রেশমা ও শাহনাজ আশ্রয় প্রার্থী আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা করতেন, এবং তাদের অস্ত্র পরিষ্কার করে শূন্য ম্যাগাজিনে গুলি ভরে অস্ত্রাগারে গুছিয়ে রাখতেন। এ কাজে তাঁরা তিনজনই পারদর্শী হয়ে ওঠেন।
বীরপ্রতিক হাবিবুল আলম শিক্ষার প্রসারে তাঁর নিজ গ্রাম পিরোলিতে হাবিবুল আলম বীরপ্রতিক মহাবিদ্যালয় নামে একটি কলেজ স্থাপন করেছেন।
১৯৭৩ সালের গেজেট অনুযায়ী তাঁর বীরত্বভূষণ নম্বর ৩১৫।
বর্তমানে তিনি দুই পুত্রকন্যা ও স্ত্রী তৌহিদা আলমকে নিয়ে রাজধানীর দিলু রোডের পৈতৃক বাড়িতে বসবাস করছেন। 
মহান মুক্তিযুদ্ধের উপর তাঁর রচিত একমাত্র মূল্যবান গ্রন্থ 'ব্রেভ অব হার্ট' পাঠ করলে সঠিক ভাবে জানা যাবে রক্তাক্ত একাত্তরে কি কি হয়েছিল?  
আজকের এই বিশেষ দিনটিতে তাঁর জন্য রইল শুভ কামনা। 
 

 


এ জাতীয় আরো খবর