সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

পাগলী আজ মা হয়েছে

  • অতলান্তিক
  • ২০২৫-০৫-১১ ১৪:৪০:১৫

পাগলী আজ মা হয়েছে নাম দিয়েছে কর্ণ,
পাগলীর ছেলের টিকালো নাক রঙে গৌর বর্ণ।
পাগলী আজ মা হয়েছে বীজ করেছ রোপণ!
কর্ণের বাবা বেনামী বন্দর অচেনা প্লাটফর্ম!
পাগলীর ছেলে সূতপুত্র পাগলী পেয়েছে বর,
সূর্যের তাপ পাগলী গর্ভে একুশ শতক পর।
কুন্তী সেদিন স্বীকার করেনি পুত্র ফেলেছে জলে!
পাগলী আজ শুচিস্মিতা কর্ণ পেয়েছে কোলে!
বেবিফুডটা উঁচুর তাকে কাঁচ বাঁধানো ঘরে!
কর্ণের পেট ভরছে দুবেলা ডাস্টবিনটার পরে!
সরলরেখা দেয়নি শিক্ষা গলিপথ তাকে ডাকে 
বিজ্ঞাপনটা মিলিয়ে দিয়েছে চোরা পথের বাঁকে!
বয়স এখন একুশে পা হাত রেখেছে বন্দুকে,
বলে বলুক লোকে মন্দ ডরায় না সে নিন্দুকে!
পাগলী আজও প্লাটফর্মে কর্ণ গলির কোনে! 
পাশাখেলায় ডাক পড়ে তার তোমার প্রয়োজনে।
কর্ণ আজ রনংদেহি যশোদেহি নয়
যোনিপথ আজ ঘা শুকাচ্ছে কর্ণ জেগে রয় !
বিশ্বায়নে সমতার ডাক ক্ষমতার ডাক নয়,
বিশ্বায়নের যোগফলে কি করে পাগলীও মা হয়?
 


এ জাতীয় আরো খবর