টুকরো টুকরো বৃষ্টি হয়ে ভেঙে পড়ে মেঘগুলো
কতোশতো শব্দ বৃষ্টি হয়ে ঝরে পড়ে
কথাগুলো পূর্ণতা হারায়
অনুভূতির স্বরুপ লুপ্ত হয়ে যায়।
জলে ডুবা শরীর ভেসে যায় ঢেউয়ের বুকে
ডুবে যায় নদীর জলে
নদীর জলের আয়নায় বিরহী মুখ যেন মেঘের ছায়া
কথাগুলো আজ ছন্নছাড়া উদবাস্তু পায়ে পথে পথে
যাযাবরের তাবুতে ঘুমিয়ে পড়ে
অস্তিত্বের বুকে ফুলের সৌরভ খোঁজা
সে তো যাযাবরের স্বপ্ন দেখা
তুমি তো এপথে আসবেনা তাই কবিতাও হাসে না।
পথের পর পথ বদল
শুকিয়ে যায় গোলাপের বাগান
অচেতন ফুলের মৌনতা নি:শব্দে বাতাসের সাথে উড়ে যায়
উড়ে যায় সবুজের বুক ছেড়ে আকাশ পেরিয়ে পাহাড় ছাড়িয়ে।
শব্দেগুলো টুকরো পাথরের মতো
বিষন্নতার হাত থেকে নদীর জলে ডুবে মরে।
এক ঝাঁক পাখির মাঝ থেকে পথ ভুলে যায় সে
সঙ্গী ছাড়া হয়ে নীড় হারায়
দীর্ঘ রাত আরও দীর্ঘায়িত হয়
অদৃশ্য প্রাচীর দাঁড়িয়ে থাকে মুখ ঘুড়িয়ে
বন্ধ ঘরের কপাট অন্ধ চোখে পথ ভুলে যায়
প্রাচীরের পায়ের তলায় চাপা পড়ে ফুলের মালা
পরাজিত রাজা বন্দীর কাটগড়ায় লোহার শিকলে
মোমবাতির প্রদীপ তার উতপ্ত চোখের জল ঝেড়ে
প্রতিক্ষণ ক্ষয়ে যেতে চায় ক্ষয়েও যায়।