মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

পাক-ভারত আকাশ উত্তেজনা: আকাশসীমা বন্ধ পাকিস্তানের,৩২ বিমানবন্দর স্থবির ভারতের

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-০৫-১০ ১৩:৩৫:০০
ছবি সংগৃহিত

 ১০ মে ২০২৫
দক্ষিণ এশিয়ায় উত্তেজনার আবহে আকাশপথেও তৈরি হয়েছে অচলাবস্থার পরিবেশ। যাত্রী নিরাপত্তা ও সামরিক সতর্কতার অংশ হিসেবে পাকিস্তান ১১ মে পর্যন্ত সব ধরনের বাণিজ্যিক ও সামরিক ফ্লাইটের জন্য তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। দেশটির বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা পাকিস্তান এয়ারপোর্ট অথরিটি (পিএএ) জানিয়েছে, আঞ্চলিক পরিস্থিতির ওপর নিবিড় পর্যবেক্ষণ চালানো হচ্ছে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে।
অন্যদিকে, পাকিস্তানকে লক্ষ্য করে ভারতের করা একটি অভিযোগ পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। ভারত দাবি করেছে, ‍সাম্প্রতিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার সময় পাকিস্তান তার আকাশসীমা সচল রেখেছিল-যাতে আন্তর্জাতিক বেসামরিক ফ্লাইটগুলো ‘মানব ঢাল’ হিসেবে ব্যবহৃত হয়। পাকিস্তান এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি, তবে ভারতের এমন মন্তব্যের পরপরই ইসলামাবাদ নিজেদের আকাশপথ বন্ধ করে দেয়।
পরিস্থিতির পাল্টা প্রতিক্রিয়ায় ভারতের সিভিল অ্যাভিয়েশন অথরিটি (ডিজিসিএ) জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে দেশজুড়ে ৩২টি বিমানবন্দরের ফ্লাইট কার্যক্রম আগামী ১৫ মে পর্যন্ত স্থগিত থাকবে। এই বিমানবন্দরগুলোর বেশিরভাগই উত্তর-পশ্চিমাঞ্চল ও সীমান্তসংলগ্ন অঞ্চলে অবস্থিত, যেখানে ড্রোন অনুপ্রবেশ এবং ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা বেশি বলে জানানো হয়েছে।
যাত্রীদের উদ্দেশ্যে উভয় দেশের বিমান চলাচল কর্তৃপক্ষ সর্বশেষ তথ্যের জন্য সংশ্লিষ্ট এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে।
বিশ্লেষকরা বলছেন, এই অবস্থা শুধু দুই দেশের মধ্যকার উত্তেজনার বহিঃপ্রকাশ নয়, বরং আঞ্চলিক নিরাপত্তাব্যবস্থার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।

 


এ জাতীয় আরো খবর