মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

যমুনায় নিরাপত্তা জোরদার,আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ অব্যাহত

  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৫-০৫-০৯ ১৪:৩৪:০৫
ছবি সংগৃহিত

৯ মে ২০২৫, শুক্রবার
আওয়ামী লীগকে ‘গণহত্যাকারী দল’ হিসেবে নিষিদ্ধ করার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে চলমান বিক্ষোভ ঘিরে সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
শুক্রবার সকাল ১১টার দিকে যমুনার সামনে বিপুল সংখ্যক পুলিশ, সেনাবাহিনী, র‍্যাব, এপিবিএন, বিজিবি ও সাদা পোশাকধারী গোয়েন্দা সদস্যদের মোতায়েন করা হয়। নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, পরিস্থিতি শান্তিপূর্ণ থাকলেও, যেকোনো অপ্রত্যাশিত ঘটনা মোকাবেলায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বিক্ষোভ শুরু হয় বৃহস্পতিবার রাত ১০টার দিকে, যখন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতা নাহিদ ইসলাম ফেসবুকে একটি আহ্বান জানিয়ে লোকজনকে যমুনার সামনে জড়ো হওয়ার ডাক দেন। এরপর থেকে ‍ছাত্র ও সাধারণ মানুষ সেখানে জড়ো হতে থাকে। আন্দোলনকারীরা রাতভর অবস্থান করে, এবং শুক্রবার দুপুর পর্যন্ত স্লোগান আর ব্যানার হাতে শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালিয়ে যাচ্ছে।
ভোর থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আরও মানুষ আসছেন বিক্ষোভে যোগ দিতে। এলাকাটি এখন স্লোগানে মুখর। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আন্দোলনকারীরা জানিয়েছেন, তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত সেখানেই অবস্থান করবেন।

 


এ জাতীয় আরো খবর