সোমবার, জুন ১৫, ২০২৬

‘তিন দিনের যুদ্ধবিরতি নাটক ছাড়া কিছু নয়’-পুতিনের প্রস্তাবে সোজাসাপ্টা না বললেন জেলেনস্কি

  • আন্তর্জাতিক ডেস্ক:
  • ২০২৫-০৫-০৫ ০১:২৭:২৭
ফাইল ছবি

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে তিন দিনের জন্য যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন। কিন্তু এই প্রস্তাবকে সরাসরি ‘নাটক’ বলে বাতিল করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলছেন, এভাবে তিন দিনের জন্য গোলাগুলি বন্ধ করে আবার শুরু করাকে ‘শান্তির চেষ্টা’ বলা যায় না।
৭ থেকে ৯ মে পর্যন্ত যুদ্ধ বন্ধ রাখার প্রস্তাব দেয় মস্কো। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসিদের পরাজয়ের ৮০ বছর পূর্তিকে সামনে রেখে এই প্রস্তাব দেয়া হয়েছে। কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট বলছেন, রাশিয়া হয়ত ৭ তারিখ পর্যন্ত হামলা চালাবে, তারপর ৩ দিনের বিরতি নিয়ে আবার আক্রমণ শুরু করবে-এটা কোনো শান্তির রাস্তা নয়।
জেলেনস্কি বলেন, “আমরা শান্তি চাই, তবে সেটা বিশ্বাসযোগ্য ও দীর্ঘস্থায়ী হতে হবে।" তিনি যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ৩০ দিনের নিঃশর্ত যুদ্ধবিরতিকে সমর্থন জানিয়েছেন এবং এটাকে সত্যিকার আলোচনার সুযোগ বলে মনে করছেন।
এছাড়া জেলেনস্কি বিদেশি নেতাদের ৯ মে রাশিয়ার বিজয় দিবসের অনুষ্ঠানে অংশ না নিতে অনুরোধ জানিয়েছেন। এর জবাবে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, জেলেনস্কিকে “উসকানিমূলক বক্তব্য থেকে বিরত থাকতে” হবে।
এদিকে পুতিনের যুদ্ধবিরতির প্রস্তাবের দিন রাতেই রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভ কেঁপে ওঠে।
রাত ১১টার পর থেকে এক ঘণ্টা ধরে কিয়েভ ও আশপাশে বিমান হামলার সাইরেন বাজে।
ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে কিয়েভের কয়েকটি আবাসিক ভবনে আগুন ধরে যায়।
চেরকাসি অঞ্চলেও একই ধরনের হামলায় কয়েক জায়গায় অগ্নিকাণ্ড ঘটে। এখনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এই সব ঘটনার মাঝে, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ এখনো থামার কোনো লক্ষণ নেই। ২০২২ সালে শুরু হওয়া এই যুদ্ধের এখন দরকার নাটক নয়, বাস্তব শান্তির পদক্ষেপ-এটাই বলছে কিয়েভ।

 


এ জাতীয় আরো খবর