রবিবার, মে ৩১, ২০২৬

মে দিবস ২০২৫: অধিকার আদায়ের অনুপ্রেরণায় শ্রমিক-মালিক সংহতির প্রত্যয়

  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৫-০৫-০১ ১২:১০:৪৪
ফাইল ছবি

১ মে ২০২৫- ঢাকা
শ্রমিক অধিকার আদায়ের প্রতীক মহান মে দিবস আজ উদযাপিত হচ্ছে ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়ব এ দেশ নতুন করে’ এই প্রতিপাদ্যে। ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকদের রক্তাক্ত আন্দোলনের স্মৃতিকে ধারণ করে এই দিবস যুগে যুগে বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের সংগ্রামের প্রেরণার উৎস হয়ে উঠেছে।

অধিকার থেকে বঞ্চনার বাস্তবতা
বিশ্বব্যাপী শ্রমিকদের অধিকার ও মর্যাদা অর্জনের সংগ্রামে মে দিবস যেমন নতুন আশা যোগায়, তেমনি বাংলাদেশের বাস্তবতায় এ দিবসটি শ্রমজীবী মানুষের অপ্রাপ্তির কথাও স্মরণ করিয়ে দেয়।
বিশেষত পোশাক, নির্মাণ, জাহাজ নির্মাণসহ অনানুষ্ঠানিক খাতের লাখ লাখ শ্রমিক এখনও ন্যূনতম মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, সামাজিক সুরক্ষা ও ন্যায্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। যদিও কাগজে-কলমে রয়েছে ন্যূনতম মজুরি সংক্রান্ত বিধান, বাস্তবে তার পূর্ণ বাস্তবায়ন অনিশ্চিত।
শুধু শ্রমজীবী নয়, সামগ্রিকভাবে সমাজে বিদ্যমান শিক্ষা, চাকরি ও সামাজিক মর্যাদার ক্ষেত্রেও বৈষম্য দিন দিন প্রকট হচ্ছে, যা তরুণদের মধ্যে বিক্ষোভ ও আন্দোলনের আগুন জ্বালিয়ে দিয়েছে।

ঐতিহাসিক পটভূমি: শিকাগো থেকে বৈশ্বিক আন্দোলনে
১৩৯ বছর আগে আজকের এই দিনে, ১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকরা আট ঘণ্টা কর্মঘণ্টা, ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ধর্মঘটের ডাক দেন। শান্তিপূর্ণ সেই আন্দোলন পরিণত হয় রক্তাক্ত সংঘর্ষে, পুলিশের গুলিতে প্রাণ হারান অনেক শ্রমিক।
এই আত্মত্যাগ বিশ্বজুড়ে শ্রমিক আন্দোলনের রূপ বদলে দেয়। শ্রমিক অধিকারের প্রতীক হিসেবে ১ মে “মে দিবস” হিসেবে পালিত হয়ে আসছে। এটি এখন শুধু ইতিহাস নয়, চলমান বৈষম্যের বিরুদ্ধে আজকের লড়াইয়েরও প্রতীক।

শ্রম সংস্কারে সরকারি উদ্যোগ
দিবসটি উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, “বিশ্বের শ্রমজীবী মানুষের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশে যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত। এটি শুধুই একটি দিন নয়, এটি শ্রমিক অধিকারের সংগ্রামের চেতনাকে জাগ্রত রাখে।”
এদিকে, শ্রম অধিকার সুরক্ষায় অন্তর্বর্তীকালীন সরকার শ্রম সংস্কার কমিশন গঠন করেছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদের নেতৃত্বে ১০ সদস্যের কমিশন ইতিমধ্যে অংশীজনদের মতামত নিয়ে সুপারিশমালা তৈরি করেছে।

মে দিবসের কর্মসূচি
দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন শ্রমিক সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে।
শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ সকাল ১০টায় তোপখানা রোডে শ্রমিক সমাবেশ করেছে।
ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (ইনসাব) সকাল সাড়ে ৯টায় র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, গণমুক্তি ইউনিয়ন, জাতীয় গণফ্রন্টসহ বাম রাজনৈতিক জোটগুলো জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেছে বেলা ১১টায়।
উদীচী শিল্পীগোষ্ঠী আয়োজন করেছে সাংস্কৃতিক অনুষ্ঠান সত্যেন সেন চত্বরে এবং
গণসংগীত সমন্বয় পরিষদ সন্ধ্যায় শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চে আয়োজন করেছে আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনা।

শ্রমিক-মালিক সংহতি: স্লোগান নাকি বাস্তব প্রত্যয়?
‘শ্রমিক-মালিক এক হয়ে’-এই স্লোগান বাস্তবায়নের জন্য প্রয়োজন নীতিগত অঙ্গীকার, সামাজিক ন্যায়বিচার এবং নিরবিচারে আইন প্রয়োগ। মে দিবসের চেতনায় অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ যেন শ্রমিকের ঘাম, শ্রমিকের প্রাণের মর্যাদা দিয়ে এক সত্যিকার কর্মমুখর ও মর্যাদাপূর্ণ রাষ্ট্রে পরিণত হয়-এই হোক আজকের প্রত্যাশা।


এ জাতীয় আরো খবর