শ্রম মানুষের জীবনচক্রের অবিচ্ছেদ্য অংশ। শিশুকাল থেকেই আমরা দেখি মা-বাবার নিরলস শ্রম, যা কোনো মজুরির চুক্তিতে বাধা নয়—স্রেফ দায়িত্ববোধ আর ভালোবাসার এক শুদ্ধতম প্রতিফলন। বিনা পারিশ্রমিকের এই শ্রমিকরা আমাদের বেড়ে ওঠার ভিত গড়ে তোলেন, শিক্ষা দেন, নিরাপদ আশ্রয় তৈরি করেন। এই পারিবারিক শ্রমের ধারাবাহিকতায় আমরা বড় হয়ে কর্মক্ষেত্রে প্রবেশ করি, যেখানে শ্রম এক সামাজিক ও অর্থনৈতিক বিনিময়ের অংশ হয়ে যায়।
কর্মক্ষেত্রে শ্রমের মূল্য
কর্মক্ষেত্রে আমরা শ্রমিক, মালিকের জন্য কাজ করি, আবার আমাদের অধীনস্থ সকলেই শ্রমিক। আমরা পরিশ্রম করি বেতন, সম্মানী, সুবিধা পাওয়ার জন্য, কিন্তু অনেক সময় শ্রমের প্রকৃত মূল্যায়ন হয় না। কাজের চাপ, অনিশ্চিত ভবিষ্যৎ, কম মজুরিতে অধিক শ্রম নেওয়ার প্রবণতা—এসব বাস্তবতা শ্রমজীবী মানুষের মানসিক ও শারীরিক ক্লান্তির কারণ হয়। তবু জীবন চালিয়ে নেওয়ার জন্য কাজ ছাড়ার সাহস পাওয়া যায় না, কারণ কাজই আমাদের অস্তিত্বের ভিত্তি।
শ্রমের বাজার এবং সামাজিক বাস্তবতা
শ্রমের বাজারে প্রতিযোগিতা তীব্র। দক্ষ শ্রমিকের চাহিদা বেশি, কিন্তু তার মূল্যায়ন অনেক সময়ই উপেক্ষিত থাকে। মালিক শ্রেণি কম মজুরিতে অধিক উৎপাদন চায়, শ্রমিক চায় ন্যায্য পারিশ্রমিক। এই দ্বন্দ্বের মধ্যেই গড়ে ওঠে শ্রম-সম্পর্ক, যা কখনো ন্যায়বিচারের ভিত্তিতে দাঁড়ায়, আবার কখনো শুধু শোষণের ধারাবাহিকতায় পরিণত হয়।
একজন প্রকৃত মালিক আছেন—সৃষ্টিকর্তা, যার হাতে নিয়তি। কিন্তু মানবিক মূল্যবোধের অভাবে সেই নিয়তির কাঠামো অনেক সময় শ্রমজীবীদের জন্য কঠিন বাস্তবতায় রূপ নেয়।
মে দিবস—শ্রমিকের অধিকার ও বাস্তবতা
মে দিবস শ্রমিকের অধিকারের গান গায়, কিন্তু তার বাস্তবায়ন কতটা হয়? এই দিবস পালিত হয় মালিক শ্রেণির অর্থায়নে, সংগঠনের চাঁদাবাজিতে, বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায়—তবু অনেক শ্রমিক এই দিনেও কাজ পায় না, অভুক্ত থাকে। অনেকেই জানে না মে দিবস কী, শুধু দেখে বক্তৃতা, আলোচনার ঝলক।
শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা শুধু মে দিবসের আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ রাখা উচিত নয়। বাস্তবিক পরিবর্তন প্রয়োজন—যেখানে শ্রমের সঠিক মূল্যায়ন হবে, কাজের পরিবেশ মানবিক হবে, এবং শ্রমজীবীরা সম্মান ও নিরাপত্তা পাবে।
উপসংহার
শ্রম শুধু পারিশ্রমিকের বিনিময়ে করা কাজ নয়, এটি জীবনের মূল চালিকা শক্তি। আমরা প্রত্যেকে কোনো না কোনোভাবে শ্রমিক, কেউ পারিবারিক শ্রমিক, কেউ কর্মক্ষেত্রের। শ্রমের মর্যাদা প্রতিষ্ঠা করতে হলে প্রয়োজন নৈতিক মূল্যবোধ, শ্রমের ন্যায্য মূল্যায়ন, ও শ্রদ্ধার সংস্কৃতি।
মে দিবস শুধু স্লোগান না হয়ে বাস্তবিক পরিবর্তনের সূচনা হোক, মে দিবদ শ্রমজীবীদের অধিকার প্রতিষ্ঠার প্রকৃত পথচলা হোক।