সোমবার, মে ২৫, ২০২৬

ইরানের বৃহত্তম বন্দরে ভয়াবহ বিস্ফোরণ: প্রাণ হারালেন ৪০ জন,আহত সহস্রাধিক

  • আন্তর্জাতিক ডেস্ক:
  • ২০২৫-০৪-২৮ ০০:৪২:৪৩
ছবি সংগৃহিত

ইরানের দক্ষিণাঞ্চলের বন্দর আব্বাসের নিকটবর্তী শহিদ রাজি বন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। শনিবার (২৬ এপ্রিল) ঘটে যাওয়া এই মর্মান্তিক বিস্ফোরণে আহত হয়েছেন আরও এক হাজারেরও বেশি মানুষ। রোববার ইরানের হরমুজগান প্রদেশের এক সরকারি কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন। খবর এএফপি'র।
স্থানীয় সময় শনিবার বিকেলে আকস্মিক এই বিস্ফোরণের পর পুরো বন্দরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হরমুজগান প্রদেশের ঊর্ধ্বতন কর্মকর্তা মোহাম্মদ আশৌরি রাষ্ট্রীয় টেলিভিশনকে জানান, “বিস্ফোরণের ঘটনায় ৪০ জনের প্রাণহানি হয়েছে এবং আহতের সংখ্যা সহস্রাধিক ছাড়িয়েছে।”
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বিস্ফোরণের অভিঘাতে শহিদ রাজি বন্দরের আশপাশের অসংখ্য ভবনের জানালা ভেঙে যায়, ছাদ উড়ে যায় এবং বহু গাড়ি চূর্ণবিচূর্ণ হয়ে পড়ে। এমনকি বিস্ফোরণের শব্দ ৫০ কিলোমিটার দূর পর্যন্ত শোনা যায় বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এখন পর্যন্ত ছয়জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
বিস্ফোরণের পর ছড়িয়ে পড়া ভয়াবহ আগুনের ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণের পর বিশালাকার আগুনের শিখা আকাশ ছুঁয়ে যাচ্ছে এবং আতঙ্কিত মানুষজন জীবন বাঁচাতে দৌড়ে পালাচ্ছেন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা আহত ব্যক্তিদের উদ্ধার করতে রাস্তায় রাস্তায় ছুটছেন স্বেচ্ছাসেবকরা।
বিস্ফোরণে নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সহানুভূতি জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একইসঙ্গে তিনি ঘটনার পূর্ণ তদন্তের নির্দেশ দিয়েছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে সরাসরি ঘটনাস্থলে পাঠিয়েছেন।
বিস্ফোরণের সঠিক কারণ এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।

 


এ জাতীয় আরো খবর