রবিবার, মে ৩১, ২০২৬

ঝিলাম নদীর পানির ঢল: পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে হঠাৎ বন্যা, ভারতের ভূমিকা নিয়ে উদ্বেগ

  • আন্তর্জাতিক ডেস্ক:
  • ২০২৫-০৪-২৭ ১২:১৩:০৮
ছবি সংগৃহিত

হঠাৎ করে ঝিলাম নদীর পানির স্তর বেড়ে যাওয়ায় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে দেখা দিয়েছে মাঝারি মাত্রার বন্যা। স্থানীয় প্রশাসন বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে সতর্কবার্তা জারি করেছে।
শনিবার (২৬ এপ্রিল) মুজাফ্ফরাবাদ থেকে দেওয়া এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানানো হয়, ভারত নদীতে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি পানি ছেড়েছে, যার কোনো পূর্বঘোষণা ছিল না। প্রশাসন আশঙ্কা করছে, পানির প্রবল প্রবাহের কারণে নদীপাড়ের গ্রামগুলো সরাসরি ঝুঁকির মুখে পড়বে।
স্থানীয় গণমাধ্যম 'দুনিয়া নিউজ' জানিয়েছে, ভারত কর্তৃপক্ষ পাকিস্তানকে কোনো ধরনের তথ্য না দিয়েই ঝিলাম নদীতে অতিরিক্ত পানি ছেড়ে দেয়। এর জেরে মুহূর্তের মধ্যে পানি বেড়ে যাওয়ায় মসজিদ থেকে মাইকিং করে স্থানীয়দের সতর্ক করা হচ্ছে। আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা এলাকা ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন।
প্রবাহিত পানি ভারতীয় কাশ্মীরের অনন্তনাগ অঞ্চল থেকে পাকিস্তানের চাকোঠি হয়ে প্রবেশ করছে। এমন অবস্থায় দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে উঠেছে।
মাত্র কয়েকদিন আগে, কাশ্মীরের পেহেলগামে এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হয়। ভারত সরাসরি এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে। পাল্টাপাল্টি অভিযোগ আর হুমকির জেরে দুই পরমাণু শক্তিধর দেশের কূটনৈতিক সম্পর্ক নেমে এসেছে নতুন নিম্নগতি স্তরে।
এর আগে ভারত পাকিস্তানের সঙ্গে থাকা ঐতিহাসিক সিন্ধু পানি চুক্তি স্থগিতের ঘোষণা দেয়। সিন্ধু নদের অন্যতম গুরুত্বপূর্ণ উপনদী ঝিলাম। পানি প্রবাহ রুদ্ধ করা হলে তা যুদ্ধের উসকানি হিসেবে দেখা হবে বলে সরাসরি হুঁশিয়ারি দিয়েছে ইসলামাবাদ।
এছাড়া, পাকিস্তান পিপলস পার্টির নেতা বিলাওয়াল ভুট্টো সরাসরি মন্তব্য করেছেন, “সিন্ধু দিয়ে হয় পানি বইবে, নাহয় বইবে ভারতীয়দের রক্ত।”
পানি নিয়ে এমন সংকট দুই দেশের মধ্যে উত্তেজনা আরও উস্কে দিচ্ছে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, আগামী দিনগুলোতে অঞ্চলটিতে মানবিক সংকট ও রাজনৈতিক অস্থিরতা দুই-ই বাড়তে পারে।

 


এ জাতীয় আরো খবর